এসএ-টুয়েন্টির নিলামে দল পেলেন না নাহিদ রানা, বাংলাদেশের একমাত্র প্রতিনিধি রিশাদ
- আপডেট সময় : ১২:৪৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট এসএ-টুয়েন্টির আসন্ন আসরের নিলামে দল পাননি বাংলাদেশের গতিময় পেসার নাহিদ রানা। সম্প্রতি বল হাতে গতির ঝড় তুলে বিশ্ব ক্রিকেটে আলোড়ন সৃষ্টি করায় তাকে নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ থাকবে বলে ধারণা করা হয়েছিল। তবে গতকাল অনুষ্ঠিত নিলামে অবিক্রীত থেকে গেছেন এই তরুণ পেসার। এবারের নিলামে বাংলাদেশ থেকে একমাত্র প্রতিনিধি ছিলেন নাহিদ রানাই।
এসএ-টুয়েন্টি এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে পঞ্চমবারের মতো। তবে দীর্ঘ এই সময়ে কোনো বাংলাদেশি ক্রিকেটার এই টুর্নামেন্টে খেলার সুযোগ পাননি। এর আগের আসরের নিলাম থেকে স্পিনার তাইজুল ইসলামকে দলে নিয়েছিল ডারবান সুপার জায়ান্টস। কিন্তু পরবর্তীতে তিনি নিজেই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেন। ফলে এবারও বাংলাদেশের কোনো ক্রিকেটারকে এই টুর্নামেন্টে দেখা যাবে কি না, তা নিয়ে তৈরি হয়েছিল সংশয়। তবে সেই সংশয় দূর করেছেন রিশাদ হোসেন।
নিলামের আগে গত আগস্টেই সরাসরি চুক্তির মাধ্যমে বাংলাদেশের এই লেগ স্পিনারকে দলে ভেড়ায় টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন সানরাইজার্স ইস্টার্ন কেপ। একই পদ্ধতিতে তারা দলে নিয়েছে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি অধিনায়ক মিচেল মার্শকেও। এসএ-টুয়েন্টির এ পর্যন্ত অনুষ্ঠিত চার আসরের তিনটিরই শিরোপা জিতেছে সানরাইজার্স। এবারও তারা অত্যন্ত শক্তিশালী দল গঠন করেছে। এই দলে রিশাদ সতীর্থ হিসেবে পাচ্ছেন ম্যাথু ব্রিটজকে, কুইন্টন ডি কক, মার্কো ইয়ানসেন, আনরিখ নর্কিয়া, ত্রিস্তান স্টাবস ও অ্যাডাম মিলনের মতো তারকা ক্রিকেটারদের। এছাড়া গতকালের নিলাম থেকে সানরাইজার্স দলে ভিড়িয়েছে নন্দ্রে বার্গার ও ক্রেইগ ওভারটনকে।
এর আগে দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর মধ্যে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ও অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে খেলার অভিজ্ঞতা রয়েছে রিশাদের। এবার প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এসএ-টুয়েন্টিতে খেলার হাতছানি তার সামনে। তবে এর জন্য তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে অনাপত্তিপত্র (এনওসি) পেতে হবে। আগামী ১৭ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের পর্দা নামবে ২১ ফেব্রুয়ারি ফাইনালের মধ্য দিয়ে।
এদিকে গতকালের নিলামে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছেন ১৮ বছর বয়সী অলরাউন্ডার জেসন রোলস। তাকে দলে নিতে ২৯ লাখ র্যান্ড খরচ করেছে জোবার্গ সুপার কিংস। বাঁহাতি এই ব্যাটসম্যান ও বাঁহাতি স্পিনারকে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের অন্যতম উদীয়মান প্রতিভা হিসেবে বিবেচনা করা হচ্ছে। চলতি বছরের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন রোলস। জোবার্গ সুপার কিংস এই নিলাম থেকে ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড এবং ফাফ ডু প্লেসিকেও নিজেদের দলে যুক্ত করেছে।





























