বেতাগীতে ফসল রক্ষায় দুই কিমি জরাজীর্ণ সড়ক মেরামতের দাবি
- আপডেট সময় : ০৯:২৫:৪২ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

বরগুনার বেতাগী উপজেলার ৭ নম্বর সরিষামুড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিনের জরাজীর্ণ প্রায় দুই কিলোমিটার ওয়াপদা সড়ক মেরামত ও পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে দক্ষিণ সরিষামুড়ি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় আয়োজিত এই মানববন্ধনে সরিষামুড়ি ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা জানান, মিলন বাজার থেকে মুক্তিযোদ্ধা আবদুল খালেকের বাড়ি হয়ে শশিবাজার পর্যন্ত প্রায় দুই কিলোমিটার দীর্ঘ ওয়াপদা সড়কটি দীর্ঘ সময় ধরে সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে সড়কটির বিভিন্ন অংশে বড় বড় গর্ত, কাদা ও পানি জমে জনদুর্ভোগ চরম আকার ধারণ করে। সড়কটি বেহাল দশায় থাকায় কৃষিপণ্য পরিবহনসহ এলাকার মানুষের স্বাভাবিক চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এর ফলে কৃষকদের উৎপাদিত ফসল বাজারে নিতে বাড়তি সময় ও অর্থ ব্যয় করতে হচ্ছে।
স্থানীয়দের দাবি, কৃষকদের ফসল রক্ষায় সড়কটি দ্রুত সংস্কার ও পুনর্নির্মাণ করা এখন অত্যন্ত জরুরি। এটি মেরামত করা হলে কৃষিপণ্য পরিবহন সহজ হওয়ার পাশাপাশি এলাকার সাধারণ মানুষের যোগাযোগব্যবস্থায় দৃশ্যমান উন্নতি হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সরিষামুড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী মো. ফোরকান সিকদার, বরগুনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য তানবির হোসাইন (সাগর জমাদ্দার), স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা। মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত সড়কটির বর্তমান অবস্থা সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানানো হয়।





























