বিমানের উচ্চপর্যায়ে বড় রদবদল, ১০ কর্মকর্তার দায়িত্ব পুনর্বণ্টন
- আপডেট সময় : ০৫:৩৫:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসনিক গতিশীলতা ও কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে উচ্চপর্যায়ে বড় ধরনের রদবদল করা হয়েছে। জাতীয় পতাকাবাহী এই বিমান সংস্থার মহাব্যবস্থাপক (জিএম) ও উপমহাব্যবস্থাপক (ডিজিএম) পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি, সংযুক্তি এবং অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
গত সোমবার বিমানের প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তরের পার্সোনেল শাখা থেকে জারি করা পৃথক অফিস আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়। বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার অনুমোদনক্রমে জারি করা এই আদেশগুলো অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
নতুন আদেশ অনুযায়ী, এতদিন এয়ারপোর্ট সার্ভিসেসের মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করা শাহনুর আহমেদকে মহাব্যবস্থাপক (গ্রাহকসেবা) পদে বদলি করা হয়েছে। একই সঙ্গে তাকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাসহ মহাব্যবস্থাপক (জনসংযোগ) পদের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, মহাব্যবস্থাপক (গ্রাহকসেবা) এবং অতিরিক্ত দায়িত্বে মহাব্যবস্থাপক (জনসংযোগ) হিসেবে নিয়োজিত মহিউদ্দিন আহমেদকে মহাব্যবস্থাপক (এয়ারপোর্ট সার্ভিসেস) পদে বদলি করা হয়েছে।
নতুন দায়িত্ব পাওয়ার পর শাহনুর আহমেদ বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ ও গ্রাহকসেবাকে আরও কার্যকর ও গতিশীল করতে তিনি কাজ করবেন। এ ক্ষেত্রে গণমাধ্যমের সহযোগিতাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, সাংবাদিকরা বিমানের কার্যক্রমের বিভিন্ন ভালো দিক যেমন তুলে ধরেন, তেমনি উন্নতির ক্ষেত্রগুলোও সামনে নিয়ে আসেন। তাই দায়িত্ব পালনে গণমাধ্যমের সঙ্গে সমন্বয় ও সহযোগিতাকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
অন্যান্য আদেশের মধ্যে, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সংযুক্ত মহাব্যবস্থাপক বোসরা ইসলামকে পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ)-এর কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। স্টোর অ্যান্ড ম্যাটেরিয়াল ম্যানেজমেন্টের মহাব্যবস্থাপক ইকবাল আহমেদ আলিজাকে মহাব্যবস্থাপক (কার্গো) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া পার্সোনেল বিভাগের উপমহাব্যবস্থাপক খন্দকার বাকী উদ্দিন আহমেদকে তার মূল দায়িত্বের পাশাপাশি স্টোর অ্যান্ড ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট বিভাগের ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। পোল্ট্রি কমপ্লেক্সের মহাব্যবস্থাপক এ এইচ এম শফিউল বারীকে মহাব্যবস্থাপক (প্রশাসন ও মানবসম্পদ) পদে বদলি করা হয়েছে।
উপমহাব্যবস্থাপক (প্রশাসন) মো. জহুরুল আলমকে উপমহাব্যবস্থাপক (মানবসম্পদ) পদে বদলি করা হয়েছে এবং তাকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাসহ উপমহাব্যবস্থাপক (পার্সোনেল) পদের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। বোয়িং ৭৮৭ উড়োজাহাজের ক্যাপ্টেন শেখ আব্বাস হোসেনকে তার মূল দায়িত্বের পাশাপাশি আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাসহ করপোরেট প্ল্যানিং অ্যান্ড ট্রেনিং পরিদপ্তরের মহাব্যবস্থাপক (পরিকল্পনা) পদের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া উপমহাব্যবস্থাপক (হিসাব) এম এম আরিফুর রহমানকে করপোরেট প্ল্যানিং অ্যান্ড ট্রেনিং পরিদপ্তরের উপমহাব্যবস্থাপক পদে এবং বিএফসিসির উপমহাব্যবস্থাপক এ জেড এম আরিফকে উপমহাব্যবস্থাপক (পোল্ট্রি কমপ্লেক্স) পদে বদলি করা হয়েছে।
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬, ০৫: ০২আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ০৫: ০৪
























