বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন
- আপডেট সময় : ১২:৩২:০৬ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেল রপ্তানির পরিমাণ যুদ্ধের আগের পর্যায়কে ছাড়িয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। এই পরিস্থিতির ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহের উদ্বেগ কিছুটা প্রশমিত হয়েছে এবং এর প্রভাবে তেলের দাম কমেছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, জরুরি মজুত থেকে তেল ও ডিজেল ছাড়ার জি-৭ দেশগুলোর সিদ্ধান্তও বাজারের ওপর বাড়তি চাপ তৈরি করেছে।
সোমবার গ্রিনিচ মান সময় ভোর সাড়ে ৪টার দিকে ব্রেন্ট ক্রুডের দাম ১ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০১ দশমিক ১৮ ডলারে নেমে আসে। এর কয়েক ঘণ্টা আগে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১ দশমিক ০৩ শতাংশ কমে ৯০ দশমিক ১২ ডলারে পৌঁছায়।
তথ্য অনুযায়ী, গত ২৪ সেপ্টেম্বর এবং ২৭ থেকে ২৯ সেপ্টেম্বর মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেল রপ্তানি যুদ্ধের আগের মাত্রাকে অতিক্রম করেছে। এই সরবরাহ বৃদ্ধি বাজারে কিছুটা স্বস্তি এনেছে।
কেসিএম ট্রেডের প্রধান বিশ্লেষক টিম ওয়াটারার রয়টার্সকে জানিয়েছেন, আপাতত এই দুটি বিষয় তেলের দাম কমিয়ে রাখার জন্য যথেষ্ট। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, উপসাগরীয় অঞ্চলের জ্বালানি অবকাঠামোয় এখনো ক্ষয়ক্ষতির ঝুঁকি পুরোপুরি কাটেনি।




























