২০০ বছর পর কন্যাসন্তানের জন্ম, রাজকীয় বরণে মাতলো দাহিফালে পরিবার
- আপডেট সময় : ০৮:৩৩:১৬ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

ভারতের মহারাষ্ট্রের বীড জেলার দাহিফালে পরিবারে বইছে আনন্দের জোয়ার। দীর্ঘ পাঁচ প্রজন্ম বা প্রায় ২০০ বছরের প্রতীক্ষার পর পরিবারটির ঘরে এসেছে কন্যাসন্তান। নবজাতক গার্গির আগমনে পরিবারটি তাকে রাজকন্যার মতো রাজকীয় আয়োজনে বরণ করে নিয়েছে।
পারলি এলাকার দাহিফালে পরিবার হাসপাতাল থেকে মা ও নবজাতককে বাড়িতে আনার জন্য বিশেষ শোভাযাত্রার আয়োজন করে। ফুল দিয়ে সুসজ্জিত একটি রথে করে মা ও মেয়েকে বাড়িতে নিয়ে আসা হয়। এ সময় পুরো এলাকা ঢাক-ঢোল ও ঝাঁঝরের বাদ্যে মুখরিত হয়ে ওঠে। ব্যতিক্রমী এই আয়োজন দেখতে স্থানীয় বাসিন্দারাও ভিড় জমান।
পরিবারটির দাবি, প্রায় ২০০ বছর ধরে তাদের বংশে কোনো কন্যাশিশুর জন্ম হয়নি। গার্গির দাদা লিম্বাজি দাহিফালে আবেগাপ্লুত হয়ে জানান, কন্যাসন্তানের আগমন তাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়। তিনি বলেন, এতদিন পরিবারে কন্যা না থাকার যে আক্ষেপ ছিল, আজ তা পূরণ হয়েছে।
গার্গির দাদি সুরেখা দাহিফালের মতে, তাদের ঘরে আজ লক্ষ্মী এসেছে। নবজাতকের বাবাও মেয়ের জন্মকে বিশেষ আনন্দের মুহূর্ত হিসেবে বর্ণনা করে জানান, তারা তাদের মেয়েকে ফুলের মতো করে বড় করবেন। পরিবারটি জানিয়েছে, এই আয়োজনের মধ্য দিয়ে তারা সমাজের কাছে একটি ইতিবাচক বার্তা দিতে চেয়েছেন যে, কন্যাসন্তানের জন্ম কোনো দুঃখের বিষয় নয়, বরং এটি আনন্দ ও উদযাপনের উপলক্ষ।





























