কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে উলামা-মাশায়েখ সম্মেলন
- আপডেট সময় : ১২:৪৫:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ ৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়াত বাংলাদেশ কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা, তাদের সব ধরনের প্রকাশনা ও প্রচারসামগ্রী নিষিদ্ধ এবং মুসলমানদের ধর্মীয় পরিভাষা ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপসহ মোট ৯ দফা দাবি জানিয়েছে। শনিবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত এক জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলনে দেশের শীর্ষ আলেমদের উপস্থিতিতে এসব দাবি তুলে ধরা হয়। সংগঠনটি তাদের দাবি আদায়ের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচিও ঘোষণা করেছে।
সম্মেলনে উত্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে জাতীয় সংসদে আইন প্রণয়নের মাধ্যমে কাদিয়ানি সম্প্রদায়কে 'অমুসলিম সংখ্যালঘু' হিসেবে ঘোষণা করা। এছাড়া তাদের জন্য মসজিদ, আজান, সালাত, ইমাম, খলিফা ও বাইয়াতের মতো স্বতন্ত্র ধর্মীয় পরিভাষা ব্যবহার নিষিদ্ধ করার আহ্বান জানানো হয়েছে। কাদিয়ানিদের সব বই-পুস্তক, লিটারেচার, ম্যাগাজিন এবং ডিজিটাল কনটেন্ট বাজেয়াপ্ত করার পাশাপাশি ফেসবুক, টুইটার, ইউটিউবসহ সব ইন্টারনেটভিত্তিক অ্যাপস ও ওয়েবসাইট বন্ধের দাবি জানানো হয়েছে।
ইসলামের অবমাননাকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির বিধান রেখে আইন প্রণয়ন, মুসলমানদের সাথে কাদিয়ানিদের বিবাহ বন্ধন ও মুসলিম কবরস্থানে তাদের মৃতদেহ দাফন নিষিদ্ধ করার দাবিও উঠে এসেছে। পাশাপাশি জাতীয় শিক্ষাক্রমে 'খতমে নবুওয়াত'-এর আকিদা অন্তর্ভুক্ত করা এবং জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টে তাদের পরিচয় 'কাদিয়ানী' হিসেবে উল্লেখ করার দাবি জানানো হয়েছে।
অন্যান্য দাবির মধ্যে রয়েছে মাওলানা সা'দকে বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা এবং সা'দ পন্থীদের ইজতেমার অনুমতি না দেওয়া। একই সাথে হিজবুত তাওহীদকে নিষিদ্ধ করে তাদের সব প্রচার ও প্রকাশনা বন্ধের দাবি জানানো হয়েছে।
দাবি আদায়ে সংগঠনটি বেশ কিছু কর্মসূচি ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে মন্ত্রী, সংসদ সদস্য ও জেলা প্রশাসকদের নিকট খতমে নবুওয়াত বিষয়ক বই-পুস্তক প্রদান, আগামী ছয় মাস ধরে দেশের প্রতিটি জেলায় খতমে নবুওয়াত সমাবেশ আয়োজন, পর্যায়ক্রমে আট বিভাগে মহাসমাবেশ, মাননীয় প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান এবং ঢাকায় একটি আন্তর্জাতিক খতমে নবুওয়াত মহাসমাবেশ আয়োজন।



























