হরমুজ প্রণালি দখল করা যায় না, ট্রাম্পকে ইরানের কড়া হুঁশিয়ারি
- আপডেট সময় : ১০:১৮:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ ৫ বার পড়া হয়েছে

হরমুজ প্রণালিকে খুব শিগগিরই ‘যুক্তরাষ্ট্রের ভূখণ্ড’ হিসেবে ঘোষণা দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে হুশিয়ারি দিয়েছেন, তা সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি স্পষ্ট ভাষায় বলেছেন, এই প্রণালি ঐতিহাসিকভাবে ইরানের ছিল, বর্তমানেও ইরানের অধীনে এবং ভবিষ্যতেও ইরানেরই থাকবে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গারিবাবাদি ট্রাম্পের বক্তব্যের সমালোচনা করে বলেন, কেবল টুইট, নির্বাচনি ভাষণ, বিমানবাহী রণতরি মোতায়েন কিংবা কোনো আদেশের মাধ্যমে হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ জলপথ দখল করা সম্ভব নয়। তিনি জোর দিয়ে বলেন, ইরান কোনো ধরনের হুমকি বা শক্তি প্রদর্শনে ভীত হওয়ার মতো দেশ নয়।
গারিবাবাদি আরও উল্লেখ করেন যে, এই জলপথটি শুধুমাত্র ইরানের সিদ্ধান্ত ও নির্দেশেই খোলা বা বন্ধ করা হবে। তিনি মার্কিন প্রশাসনের উদ্দেশে বলেন, যতক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্র তাদের পরাজয়ের বাস্তবতা স্বীকার না করে বিভ্রমের মধ্যে থাকবে, ততক্ষণ ইরান এই অবরোধ বজায় রাখবে। এই প্রণালিতে মার্কিন প্রশাসন তাদের ইচ্ছাকে চাপিয়ে দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলেও তিনি দাবি করেন।
এর আগে শুক্রবার নিউইয়র্কের লং আইল্যান্ডে একটি পুলিশ একাডেমিতে দেওয়া বক্তৃতায় ট্রাম্প দাবি করেন, তিনি খুব দ্রুতই হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণা করবেন। তার দাবি অনুযায়ী, যুক্তরাষ্ট্র বর্তমানে সেখানে অবরোধ আরোপ করে রেখেছে এবং তাদের অনুমতি ছাড়া কোনো জাহাজ এই পথ দিয়ে চলাচল করতে পারছে না। তবে ট্রাম্পের এই বক্তব্যের মাধ্যমে তার প্রশাসনের নতুন কোনো নীতিগত সিদ্ধান্তের প্রতিফলন ঘটেছে কি না, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি।
বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথটি দিয়ে সাধারণত বিশ্বের সমুদ্রপথে পরিবহন করা তেলের প্রায় এক-পঞ্চমাংশ সরবরাহ করা হয়।





























