যুক্তরাষ্ট্রে জনমত গঠনে ইসরাইলের ৪৫ মিলিয়ন ডলারের এআই প্রচারণা

- আপডেট সময় : ০৭:০৪:৪০ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬ ৯ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রে নিজেদের ভাবমূর্তি পুনরুদ্ধার এবং জনমত প্রভাবিত করার লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সহায়তায় ৪৫ মিলিয়ন ডলারেরও বেশি ব্যয়ের একটি বড় প্রচারণা চালাচ্ছে ইসরাইল। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক অনুসন্ধানী প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। গত শনিবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, বিগত কয়েক মাসে ‘এমা’, ‘সারা’ ও ‘জন’-এর মতো অতি সাধারণ নাম ব্যবহার করে যুক্তরাষ্ট্রের নাগরিকদের কাছে লাখ লাখ এআই-নির্ভর বার্তা পাঠানো হয়েছে।
এসব বার্তার প্রেরক হিসেবে ‘ফ্রেন্ডস ফর পিস’ নামের একটি সংগঠনের পরিচয় দেওয়া হলেও, অনুসন্ধানে এই নামে কোনো নিবন্ধিত অলাভজনক প্রতিষ্ঠান বা কোম্পানির অস্তিত্ব পায়নি ওয়াল স্ট্রিট জার্নাল। বার্তাগুলোতে প্রাপকদের কাছে বিভিন্ন প্রশ্ন করা হয়েছে। যেমন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের শান্তি আলোচনা বৈজ্ঞিক নিরাপত্তায় কী ধরনের প্রভাব ফেলতে পারে বলে তারা মনে করেন—তা জানতে চাওয়া হয়েছে। মূলত এসব বার্তার মাধ্যমে সুকৌশলে ইসরাইলপন্থি জনমত গড়ে তোলার চেষ্টা চালানো হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী, এই প্রচারণাটি ৪৫ মিলিয়ন ডলারের বেশি মূল্যের একটি চুক্তির অংশ। পুরো প্রক্রিয়াটির নেতৃত্বে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক নির্বাচনি প্রচার ব্যবস্থাপক ব্র্যাড পারস্কেল। এআইভিত্তিক এই বার্তা প্রচারের দায়িত্বে থাকা ‘স্পার্কফায়ার’ নামের একটি প্রতিষ্ঠান মে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত ৬ দশমিক ৫ মিলিয়ন ডলার পেয়েছে। এছাড়া, পারস্কেলের দল বেশ কিছু ইসরাইলপন্থী ওয়েবসাইট ও অনলাইন কনটেন্ট তৈরি করেছে, যাতে চ্যাটজিপিটি ও ক্লদের মতো জনপ্রিয় এআই প্ল্যাটফর্মগুলোতে ইসরাইল সম্পর্কে অনুসন্ধান করলে আরও ইতিবাচক উত্তর পাওয়া যায়।
প্রতিবেদন থেকে জানা যায়, যুক্তরাষ্ট্রে এই কার্যক্রম পরিচালনার জন্য অন্তত ছয়টি ভিন্ন প্রতিষ্ঠানকে নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি ইসরাইলের পক্ষে কাজ করার জন্য প্রায় তিন ডজন ব্যক্তি বিদেশি এজেন্ট হিসেবে নিজেদের নিবন্ধন করিয়েছেন। এই প্রচারণার অংশ হিসেবে রক্ষণশীল সম্প্রচারমাধ্যম সালেম মিডিয়ার মাধ্যমে ৫ লাখ ডলারের বেশি মূল্যের বিজ্ঞাপনও প্রচার করা হয়েছে। তবে সালেম মিডিয়া দাবি করেছে, কোনো নির্দিষ্ট অবস্থান প্রচারের জন্য তারা তাদের উপস্থাপকদের কোনো অর্থ প্রদান করেনি।
অন্যদিকে, গত বছর ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সা’র জানিয়েছিলেন, ২০২৬ সালের বাজেটে বিশ্বব্যাপী ইসরাইলের ভাবমূর্তি উন্নয়ন এবং ‘জনমত গঠন’-এর জন্য ৭০০ মিলিয়ন ডলারেরও বেশি অর্থ বরাদ্দ রাখা হয়েছে। এদিকে, গত বুধবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স পডকাস্টার জো রোগানের সঙ্গে এক সাক্ষাৎকারে অভিযোগ করেন, ইসরাইল সরকারের কিছু সদস্য ইরান-সংক্রান্ত সংঘাত দীর্ঘায়িত করতে যুক্তরাষ্ট্রের জনমত প্রভাবিত করার চেষ্টা করছেন। তবে এই প্রচারণার বিষয়ে মন্তব্য জানতে চেয়ে ওয়াল স্ট্রিট জার্নালের করা অনুরোধে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো সাড়া দেয়নি।
প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ১৮: ৫৮আপডেট : ২০ জুলাই ২০২৬, ১৯: ০০





























