জাতীয় পরিবেশ মেলায় স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী তারেক রহমান
- আপডেট সময় : ১২:৫৮:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ৯ বার পড়া হয়েছে

রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশের মাঠে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী জাতীয় পরিবেশ মেলা। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন। এরপর তিনি মেলায় অংশ নেওয়া পরিবেশবাদী বিভিন্ন সংগঠনের স্টল এবং ফুল, ফল ও ওষুধি গাছে সাজানো নার্সারিগুলো ঘুরে দেখেন। প্রতিটি উদ্যোগের খোঁজখবর নেওয়ার সময় তিনি তরুণদের পরিবেশবান্ধব কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।
মেলা প্রাঙ্গণে ‘ক্লাইমেট অ্যাকশন অ্যান্ড জাস্টিস ফাউন্ডেশন’ (সিএজেএফ)-এর স্টল পরিদর্শনের সময় সংগঠনের নির্বাহী সদস্য মুর্শিদা খানম প্রধানমন্ত্রীকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা, প্লাস্টিক দূষণ রোধ এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে তাদের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। প্রধানমন্ত্রী সংগঠনটির জলবায়ু সহনশীল আদর্শ গ্রাম নির্মাণসহ সবুজ বাংলাদেশ গড়ার বহুমুখী উদ্যোগের প্রশংসা করেন। এ সময় তাকে শিশুদের আঁকা একটি পরিবেশবিষয়ক চিত্রকর্ম উপহার দেওয়া হয়। এছাড়া ‘মিশন গ্রীন বাংলাদেশ’-এর স্টলে তরুণদের তৈরি পরিবেশবান্ধব ‘কাগজের কলম’ দেখেও তিনি মুগ্ধ হন।
নার্সারিগুলোর স্টল পরিদর্শনের সময় সাজসজ্জা দেখে প্রধানমন্ত্রী নার্সারি প্রতিনিধিদের কাছে জানতে চান, এগুলো কি কেবল মেলার জন্য নাকি বাস্তবেও এমন? সাভারের আশুলিয়ায় তাদের মূল নার্সারিটিও একইভাবে সাজানো—এমন তথ্য জেনে তিনি তাদের ধন্যবাদ জানান।
মেলা প্রাঙ্গণেই বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ছয়টি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘জাতীয় পরিবেশ পদক-২০২৫’ প্রদান করেন। ব্যক্তিগত পর্যায়ে পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ ক্যাটাগরিতে আলহাজ ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. হাসমত আলী, শিক্ষা ও প্রচার ক্যাটাগরিতে মো. মনির হোসেন এবং গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন ক্যাটাগরিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. আব্দুস সালাম পদক পেয়েছেন। প্রাতিষ্ঠানিক পর্যায়ে ক্লাসিক্যাল হ্যান্ডমেইড প্রোডাক্টস বিডি লিমিটেড, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস এবং বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটকে নিজ নিজ ক্যাটাগরিতে এই পদক দেওয়া হয়।


























