গিগাবাইটের নতুন ৩০০ হার্টজ গেমিং মনিটর বাজারে
- আপডেট সময় : ১১:৫৭:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

প্রো-গেমার ও কনটেন্ট নির্মাতাদের কথা মাথায় রেখে তাইওয়ানের প্রযুক্তি প্রতিষ্ঠান গিগাবাইট বাজারে এনেছে তাদের নতুন ২৭ ইঞ্চির গেমিং মনিটর জি২৭কিউ৩। দ্রুতগতির গেমিংয়ে মসৃণ দৃশ্য এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়া নিশ্চিত করতে ডিভাইসটিতে ৩০০ হার্টজ রিফ্রেশ রেট ও ১ মিলিসেকেন্ড রেসপন্স টাইমের সুবিধা যুক্ত করা হয়েছে।
মনিটরটিতে ২৫৬০ বাই ১৪৪০ পিক্সেল কিউএইচডি রেজোলিউশনের সুপার স্পিড আইপিএস প্যানেল ব্যবহার করা হয়েছে। নন-গ্লেয়ার ডিসপ্লে এবং ১৭৮ ডিগ্রি ওয়াইড ভিউয়িং অ্যাঙ্গেলের কারণে বিভিন্ন দিক থেকে স্ক্রিনটি পরিষ্কারভাবে দেখা সম্ভব। এছাড়া এটি ১ দশমিক ০৭ বিলিয়ন রঙ সাপোর্ট করে এবং ৯৮ শতাংশ ডিসিআই-পি৩ ও ১৪৫ শতাংশ এসআরজিবি রঙের পরিসর নিশ্চিত করে। পাশাপাশি মনিটরটি ভিইএসএ ডিসপ্লেএইচডিআর ৪০০ সনদপ্রাপ্ত।
গেমিং অভিজ্ঞতাকে আরও উন্নত করতে এতে এএমডি ফ্রিসিঙ্ক প্রিমিয়াম প্রযুক্তি, ব্ল্যাক ইকুয়ালাইজার, ক্রসহেয়ার ও টাইমার সুবিধা রয়েছে। একই সঙ্গে একাধিক উৎসের ছবি দেখার জন্য এতে পিকচার-বাই-পিকচার প্রযুক্তিও দেওয়া হয়েছে। দীর্ঘক্ষণ ব্যবহারের ফলে চোখের ওপর চাপ কমাতে মনিটরটিতে ফ্লিকার-ফ্রি প্রযুক্তি ও লো ব্লু লাইট ফিল্টার যুক্ত করা হয়েছে।
ডিজাইনের ক্ষেত্রে মনিটরটির পেছনের অংশে আরজিবি এলইডি অ্যাম্বিয়েন্ট লাইটিং রয়েছে, যাতে তিনটি মোড ও সাতটি রঙের আলো ব্যবহারের সুবিধা পাওয়া যায়। এর স্ট্যান্ডটি পূর্ণাঙ্গ সমন্বয়যোগ্য, যা উচ্চতা, টিল্ট, সুইভেল ও পিভট পরিবর্তনের অনুমতি দেয়। সংযোগের জন্য এতে দুটি এইচডিএমআই ২.০ পোর্ট, একটি ডিসপ্লেপোর্ট ১.৪ এবং একটি এয়ারফোন জ্যাক রয়েছে। গিগাবাইট কন্ট্রোল সেন্টার ও ওএসডি সাইডকিক সফটওয়্যারের মাধ্যমে কিবোর্ড ও মাউস ব্যবহার করেই মনিটরের সেটিংস নিয়ন্ত্রণ করা যায়।
গিগাবাইটের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান জানান, ২৭ ইঞ্চির কিউএইচডি রেজোলিউশনের সঙ্গে ৩০০ হার্টজ রিফ্রেশ রেটের সমন্বয় এই মনিটরটির প্রধান বিশেষত্ব। এটি মূলত দ্রুতগতির শুটিং, রেসিং কিংবা প্রতিযোগিতামূলক গেমের জন্য বিশেষভাবে তৈরি। বর্তমানে দেশের বিভিন্ন কম্পিউটার শপ ও অনুমোদিত ডিলারদের কাছে মনিটরটি ৩৮ হাজার টাকায় পাওয়া যাচ্ছে।





























