অ্যাপলের নতুন সিইও হিসেবে দায়িত্ব নিলেন জন টার্নাস
- আপডেট সময় : ১২:৪১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

মঙ্গলবার থেকে প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন জন টার্নাস। এই পরিবর্তনের মাধ্যমে প্রতিষ্ঠানটিতে টিম কুকের টানা ১৫ বছরের সফল নেতৃত্বের অবসান ঘটল। বার্তা সংস্থা এএফপির বরাতে অনলাইন আল জাজিরা এ খবর জানিয়েছে।
৫১ বছর বয়সী জন টার্নাস ২০০১ সালে অ্যাপলের ডিজাইন দলে যোগদানের মাধ্যমে তার যাত্রা শুরু করেন। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের অভিজ্ঞতাসম্পন্ন টার্নাস পরবর্তীতে হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি আইফোনসহ অ্যাপলের অধিকাংশ রাজস্ব আয়ের উৎস হিসেবে পরিচিত মূল পণ্যগুলোর নেপথ্যে দীর্ঘদিন কাজ করেছেন। বিদায়ী সিইও টিম কুক তার ওপর পূর্ণ আস্থা প্রকাশ করে কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন। কুক বলেছেন, বিশ্ব বদলে ফেলার মতো পণ্য তৈরিতে কী প্রয়োজন, তা জনের মতো খুব কম মানুষই বোঝেন। টিম কুক সিইও পদ থেকে সরে দাঁড়ালেও অ্যাপল বোর্ডের নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন এবং বৈশ্বিক নীতিনির্ধারকদের সঙ্গে সম্পর্ক রক্ষার কাজ করবেন।
নতুন এই দায়িত্বের শুরুতেই টার্নাসকে বড় চ্যালেঞ্জগুলোর মোকাবিলা করতে হবে। এর মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে প্রতিদ্বন্দ্বীদের চেয়ে পিছিয়ে থাকা এবং চীনের ওপর উৎপাদন নির্ভরতার মতো বিষয়। এছাড়া দায়িত্ব নেয়ার মাত্র আট দিনের মাথায় আগামী ৯ সেপ্টেম্বর অ্যাপলের বার্ষিক আইফোন উন্মোচন অনুষ্ঠানের নেতৃত্ব দেবেন তিনি। এই অনুষ্ঠানেই কোম্পানিটির ইতিহাসে প্রথম ফোল্ডেবল বা ভাঁজযোগ্য আইফোন উন্মোচিত হতে পারে। বিশ্লেষকদের মতে, হার্ডওয়্যার উদ্ভাবনের পাশাপাশি বৈশ্বিক ভূরাজনীতি সামলানোই হবে টার্নাসের আসল পরীক্ষা। বিশেষ করে চীনের ওপর নির্ভরতা বজায় রেখে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে দেশীয় উৎপাদনে দেয়া রাজনৈতিক ও শুল্ক সংক্রান্ত চাপ সামলানো তার জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে।





























