দেশজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রশিক্ষণ শুরু করল যুব উন্নয়ন অধিদপ্তর
- আপডেট সময় : ০১:২০:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬ ২৮ বার পড়া হয়েছে

তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন তরুণদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তিতে দক্ষ করে তোলার লক্ষ্যে দেশজুড়ে বিশেষ প্রশিক্ষণ কার্যক্রমের সূচনা করেছে যুব উন্নয়ন অধিদপ্তর। রোববার (২ আগস্ট) বগুড়ার মম ইন অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক দক্ষতা অর্জনের মাধ্যমে দেশের তরুণ সমাজকে ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর কর্মক্ষেত্রের জন্য উপযোগী করে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে সরকার। এই সময়োপযোগী প্রশিক্ষণ তরুণদের জন্য নতুন নতুন কর্মসংস্থান এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে জানানো হয়, ‘তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন’ শীর্ষক এই প্রকল্পের প্রথম পর্যায়ে দেশের ৬৪টি জেলা থেকে ২৫ জন করে মোট ১ হাজার ৬০০ জন প্রশিক্ষণার্থীকে নির্বাচিত করা হয়েছে। সমগ্র দেশে মোট ৪৪৮টি ব্যাচের মাধ্যমে এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে, যার প্রতিটি ব্যাচে ২৫ জন করে প্রশিক্ষণার্থী অংশ নেবেন। দুই মাস মেয়াদি এই কোর্সের প্রতিটি ব্যাচে ৫০টি ক্লাসের মাধ্যমে সর্বমোট ৩০০ ঘণ্টার নিবিড় প্রশিক্ষণ দেওয়া হবে।
প্রশিক্ষণার্থীদের আধুনিক এআই টুলস ব্যবহারের পাশাপাশি বৈশ্বিক ও দেশীয় প্রযুক্তিনির্ভর কর্মবাজারের জন্য প্রয়োজনীয় অন্যান্য দক্ষতা অর্জনের সুযোগ দেওয়া হবে এই কোর্সে। আয়োজক সংশ্লিষ্টদের প্রত্যাশা, অর্জিত এই দক্ষতা কাজে লাগিয়ে তরুণরা দেশীয় ও আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং বাজারে নিজেদের কাজের পরিধি বিস্তৃত করতে পারবেন।
বগুড়ার এই বর্ণাঢ্য আয়োজনে স্থানীয় সরকার ও জনপ্রশাসনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, জাতীয় সংসদের সদস্য, জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা, প্রকল্পের সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় দুই হাজার প্রশিক্ষণার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে এই উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হন।
এদিকে, একই অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের ফ্রিল্যান্সিং প্রকল্পের আওতায় বিভাগীয় পর্যায়ে সর্বোচ্চ আয়কারী আটজন ফ্রিল্যান্সারের হাতে ল্যাপটপ তুলে দেওয়া হয়। এর পাশাপাশি রাজশাহী বিভাগের ২৪ জন সফল ফ্রিল্যান্সারকে তাদের অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক প্রদান করা হয়।





























