পুরোনো ধাঁচের ধৈর্যশীল ক্রিকেট খেলেই অস্ট্রেলিয়াকে হারিয়েছে বাংলাদেশ: গিলেস্পি
- আপডেট সময় : ০৯:৪০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

ডারউইন টেস্টের শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা সময় অস্ট্রেলিয়ার ওপর দাপট বজায় রেখেছিল বাংলাদেশ। দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ের এই ঘটনা দেশটিতে একরকম তোলপাড় সৃষ্টি করেছে। এমনকি অস্ট্রেলিয়া দলে বড় ধরনের পরিবর্তনের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা শুরু হয়েছে। এই প্রেক্ষাপটে ম্যাকাইয়ে সিরিজের দ্বিতীয় টেস্টের আগে ভারতের টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে কথা বলেছেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার জেসন গিলেস্পি।
ম্যাচ জেতার জন্য বাংলাদেশকে পূর্ণ কৃতিত্ব দিয়ে গিলেস্পি বলেছেন, প্যাট কামিন্সের অধিনায়কত্ব ঠিকঠাক থাকলেও অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ভালো ব্যাট করতে পারেনি। তিনি আরও বলেন, পুরো ম্যাচেই বাংলাদেশ তাদের চেয়ে ভালো খেলেছে। তারা পুরোনো ধাঁচের, ধৈর্যশীল টেস্ট ক্রিকেট খেলেছে।
প্রথম টেস্টের একাদশে থাকা ক্রিকেটারদের মধ্যে ক্যামেরন গ্রিন ছাড়া বাকি সবাই ছিলেন ত্রিশোর্ধ্ব। অস্ট্রেলিয়ার ইতিহাসের অন্যতম বয়স্ক একাদশ নিয়ে মাঠে নামার কারণে এই দলের বিকল্প হিসেবে তরুণ ক্রিকেটারদের খোঁজার দাবি তুলেছেন অনেকে। গিলেস্পিও মনে করেন, ম্যাকাই টেস্টে অস্ট্রেলিয়া দারুণভাবে ঘুরে দাঁড়াবে, তবে বর্তমান দলের সবার বয়স হয়ে যাওয়ায় আগামী ছয় থেকে ১২ মাসের মধ্যে নির্বাচকদের নতুন খেলোয়াড় দলে আনতে হবে। তিনি আশা করছেন, ম্যাকাইয়ের উইকেট ব্যাটিংয়ের জন্য খুবই ভালো হবে।
প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার তিন পেসার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড খেলেছিলেন, যাদের প্রত্যেকেরই টেস্টে তিন শর বেশি উইকেট রয়েছে। এমন শক্তিশালী বোলিং আক্রমণের বিরুদ্ধেও বাংলাদেশ প্রথম ইনিংসে ৪২৬ রান সংগ্রহ করেছিল। গিলেস্পি অবশ্য অজি পেসারদের প্রশংসা করে বলেছেন, তারা দুর্দান্ত ছিলেন এবং প্রথম টেস্টে বেশ ভালো বোলিং করেছেন। তবে তিনি স্বীকার করেন, বাংলাদেশ সত্যিই খুব ভালো ব্যাটিং করেছে। অজি বোলাররা যদি একইভাবে বোলিং করতে পারেন, তবে দ্বিতীয় টেস্টে তাদের ভালো করার সুযোগ থাকবে।
ম্যাচ শেষে ক্যামেরন গ্রিনও বাংলাদেশের পারফরম্যান্সের প্রশংসা করে বলেছিলেন, বাংলাদেশ শুধু তাদের গলার ওপর পা রেখেই গেছে।




























