সিরাজগঞ্জে ট্রাকের পেছনে সিএনজির ধাক্কা, নিহত ২
- আপডেট সময় : ০৯:০০:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ ০ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বহুতি বটতলায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সিএনজি অটোরিকশার ধাক্কায় দুজন নিহত হয়েছেন। শুক্রবার ভোর ৫টার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় সিএনজির আরও এক যাত্রী আহত হয়েছেন, যাকে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন রায়গঞ্জ উপজেলার কালিঞ্জা গ্রামের গুতু রাজবংশির ছেলে ঠাকুর হালদার (৭০) এবং কামারখন্দ উপজেলার কুঠিরচর গ্রামের আলী আকতার ফকিরের ছেলে সিএনজি চালক আশিক (৩৫)।
স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা যায়, ভোরে মাছ ধরার উদ্দেশ্যে ঠাকুর হালদার ও তার ছেলে বিষ্ণ হালদার জাল নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন। তারা কামারখন্দ উপজেলার বাজার ভদ্রঘাট থেকে একটি সিএনজিযোগে সিরাজগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সিএনজিটি বহুতি বটতলায় পৌঁছালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক আশিক ও যাত্রী ঠাকুর হালদার প্রাণ হারান। স্থানীয়রা আহত বিষ্ণ হালদারকে উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক শফিকুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্বজনরা নিহতদের মরদেহ নিয়ে বাড়িতে চলে যান। নিহত চালক আশিকের ভাতিজা ইসমাইল হোসেন জানান, সকাল ৬টার দিকে তিনি দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চাচার মৃত্যু নিশ্চিত করেন এবং পরে মরদেহ বাড়িতে নিয়ে আসেন।
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ০৮: ৪৮আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ০৮: ৪৯




























