সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে নাটোরে সাংবাদিকদের মানববন্ধন
- আপডেট সময় : ০১:৩৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফকে গুলি করে হত্যার ঘটনায় তীব্র প্রতিবাদ ও ক্ষোভ জানিয়েছেন নাটোরে কর্মরত সংবাদকর্মীরা। রবিবার নাটোর শহরের প্রাণকেন্দ্র পুরাতন বাসটার্মিনালে "নাটোরের সর্বস্তরের সাংবাদিক সমাজ"-এর ব্যানারে আয়োজিত এক মানববন্ধনে তারা এই হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক লুৎফুজ্জামান আলিফকে গুলি করে হত্যা করা পেশাদার সাংবাদিকতার ওপর একটি চরম আঘাত। তারা অভিযোগ করেন যে, দেশে সাংবাদিক নির্যাতন ও হত্যাকাণ্ডের ঘটনা বারবার ঘটলেও সুষ্ঠু বিচারের অভাবে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। অবিলম্বে আলিফ হত্যার সাথে জড়িত সকল আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, স্বাধীন ও মুক্ত সাংবাদিকতার পরিবেশ বজায় রাখতে হলে দেশজুড়ে গণমাধ্যমকর্মীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অন্যথায় নাটোরসহ সারাদেশে সাংবাদিক সমাজ আরও কঠোর কর্মসূচির ডাক দেবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।
এই প্রতিবাদী কর্মসূচিতে নাটোরের প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত শতাধিক সংবাদকর্মী অংশ নেন। উপস্থিতদের মধ্যে ছিলেন রেজাউল করিম রেজা, কামাল হোসেন, গোলাম রাব্বানি, গোলাম গাউস, হালিম খান, আল মামুন, নাজমুল হাসান, বুলবুল আহমেদ, দেবাশীষ সরকার, পরিতোষ অধীকারী এবং নাসিম উদ্দিন নাসিমসহ আরও অনেকে।




























