২০৩০ বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সিতে কি দেখা যাবে থিয়াগো মেসিকে?
- আপডেট সময় : ০৬:৪৬:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

চার বছর আগে কাতার বিশ্বকাপে শিরোপা উঁচিয়ে ধরেছিলেন লিওনেল মেসি। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা ৩৯ বছর বয়সেও উত্তর আমেরিকার বিশ্বকাপে আর্জেন্টিনাকে টানা দ্বিতীয়বার ফাইনালে তুলে নিজের নেতৃত্ব ও মেধার স্বাক্ষর রেখেছেন। যদিও ফাইনালের লড়াইয়ে স্পেনের কাছে হেরে রানার্সআপ হতে হয় আর্জেন্টিনাকে। বিশ্বকাপের এই আসর শেষ হওয়ার পর থেকেই শুরু হয়েছে নতুন এক জল্পনা।
২০৩০ সালের বিশ্বকাপে মেসির বয়স হবে ৪৩ বছর, ফলে বিশ্বমঞ্চে তার খেলার সম্ভাবনা খুবই ক্ষীণ। তবে ফুটবলপ্রেমীদের কল্পনা থেমে নেই। বর্তমানে অনেক আর্জেন্টাইন সমর্থকের চোখে নতুন স্বপ্ন হয়ে দাঁড়িয়েছেন মেসির বড় ছেলে থিয়াগো মেসি। এখন ১৩ বছর বয়সী থিয়াগোর বয়স ২০৩০ বিশ্বকাপের সময় হবে ১৮ বছর। যদি আগামী কয়েক বছরে সে দ্রুত পেশাদার ফুটবলে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে, তবে জাতীয় দলের দরজায় কড়া নাড়ার একটি সম্ভাবনা তৈরি হতে পারে। যদি মেসি তখনও আন্তর্জাতিক ফুটবলে সক্রিয় থাকেন, তবে বাবা-ছেলের একই বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সি গায়ে মাঠে নামার বিরল দৃশ্যের সাক্ষী হতে পারে ফুটবল বিশ্ব।
বর্তমানে যুক্তরাষ্ট্রে ইন্টার মায়ামির যুব একাডেমিতে নিয়মিত অনুশীলন করছেন থিয়াগো। ইতোমধ্যে ক্লাবটির অনূর্ধ্ব-১৪ দলের হয়ে শিরোপাও জিতেছেন তিনি। তার প্রতিটি ম্যাচ, প্রতিটি গোল কিংবা প্রতিটি অগ্রগতি এখন বাড়তি আগ্রহ নিয়ে অনুসরণ করছেন আর্জেন্টাইন সমর্থকেরা। থিয়াগো বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছে, সুযোগ পেলে তার একমাত্র স্বপ্ন হলো আর্জেন্টিনার জার্সি গায়ে জাতীয় দলের প্রতিনিধিত্ব করা। জন্মসূত্রে স্পেনের হয়ে খেলার সুযোগ থাকলেও নিজের ভবিষ্যৎ নিয়ে সে এরই মধ্যে পরিষ্কার অবস্থান জানিয়ে দিয়েছে।





























