জমিসংক্রান্ত বিরোধকে রাজনৈতিক রূপ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট বিএনপির নিন্দা
- আপডেট সময় : ০৫:১৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে

লালমনিরহাটে পারিবারিক জমির বিরোধকে রাজনৈতিক রূপ দিয়ে বিএনপি ও দলটির নেতাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে জেলা বিএনপি। এ ঘটনায় ছড়ানো অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি।
শুক্রবার (৯ অক্টোবর) সকালে জেলা বিএনপির ‘হামার বাড়ি’ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৫ অক্টোবর বিডিআর হাট এলাকায় সংবাদ সম্মেলন করে পৈতৃক সম্পত্তির ভাগ-বাটোয়ারা সংক্রান্ত একটি দীর্ঘদিনের পারিবারিক বিরোধকে রাজনৈতিক ইস্যুতে পরিণত করার চেষ্টা করা হয়েছে। লালমনিরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বিডিআর হাট এলাকার এই বিরোধটি মূলত দুটি পরিবারের মধ্যে জমি নিয়ে, যার সঙ্গে বিএনপির কোনো ধরনের সম্পৃক্ততা নেই।
মমিনুল হক দাবি করেন, এই বিরোধে সংশ্লিষ্ট ব্যক্তিরা অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তাদের রাজনৈতিক অবস্থানে পরিবর্তন আসে। এমনকি বিএনপিতে যোগ দেওয়ার জন্য তারা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করেছিলেন বলেও দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জমি নিয়ে বিরোধের মামলায় যাদের আসামি করা হয়েছে, তারা সংশ্লিষ্ট পরিবারেরই নিকটাত্মীয় ও ঘনিষ্ঠ সদস্য। এই পারিবারিক বিরোধকে রাজনৈতিকভাবে উপস্থাপন করে মূলত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ জেলা বিএনপির।
মমিনুল হক আরও বলেন, বিএনপি কোনো ধরনের বলপ্রয়োগ, নৈরাজ্য, ভাঙচুর ও লুটপাট সমর্থন করে না। তিনি মাদক কারবার ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে দলের ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টায় লিপ্ত ব্যক্তিদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, জেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান (ভিপি আনিছ) এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।


























