লিবিয়া হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে চার হাফেজ নির্বাচিত
- আপডেট সময় : ১১:৪৬:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

১৪তম লিবিয়া আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে চূড়ান্ত বাছাই সম্পন্ন হয়েছে। আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের তত্ত্বাবধানে আয়োজিত এই বাছাই পরীক্ষায় সারা দেশ থেকে দুই শতাধিক হাফেজ অংশগ্রহণ করেন। কঠোর প্রতিযোগিতার মধ্য দিয়ে দুই গ্রুপে চারজন কৃতী হাফেজকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়েছে।
সম্পূর্ণ কোরআন হিফজ (বড় গ্রুপ) বিভাগে প্রথম স্থান অর্জন করে হাফেজ মুয়াজ মাহমুদ বাংলাদেশের মূল প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন। একই গ্রুপে দ্বিতীয় স্থান অর্জনকারী হাফেজ রাফসান মাহমুদ জিসানকে বিকল্প প্রতিনিধি হিসেবে মনোনীত করা হয়েছে। অন্যদিকে, সম্পূর্ণ কোরআন হিফজ (ছোট গ্রুপ) বিভাগে প্রথম স্থান অর্জন করে হাফেজ বশির আহমদ বাংলাদেশের প্রতিনিধি নির্বাচিত হয়েছেন এবং দ্বিতীয় স্থান অর্জনকারী হাফেজ নূরউদ্দিন জাকারিয়া বিকল্প প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই চারজনের মধ্য থেকে দুজন মূল প্রতিনিধি হিসেবে লিবিয়ায় অনুষ্ঠেয় ১৪তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে অংশ নেবেন। বিশ্বমঞ্চে দেশের প্রতিনিধিত্বের জন্য নির্বাচিত প্রতিযোগীদের হাতে জাতীয় পতাকা তুলে দেওয়া হয়।
চূড়ান্ত বাছাই পরীক্ষায় বিচারকের দায়িত্ব পালন করেন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের সভাপতি আল্লামা ক্বারী আবু রায়হান, জামিয়া কোরআনিয়া আরাবিয়া লালবাগের হিফজ বিভাগের প্রধান মাওলানা হাফেজ আবু মুসা এবং আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী।
অনুষ্ঠানে জামিয়া কোরআনিয়া আরাবিয়া লালবাগের প্রধান মুফতি হযরতুল আল্লাম মুফতি ইয়াহিয়া, আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের সহসভাপতি মাওলানা যোবায়ের আহমদ কাসেমী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ ইউসুফ, অর্থ সম্পাদক মাওলানা আব্দুর রহমান মৃধা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা আবু সালেহ, সাবেক সাংগঠনিক সম্পাদক মাওলানা সালমান রহমান, সহপ্রচার সম্পাদক মাওলানা মাহফুজুর রহমান, সাতরওজা মাদরাসার মুহতামিম ও শাইখুল হাদিস মাওলানা নিজাম উদ্দিন, জামিয়া কোরআনিয়া আরাবিয়া লালবাগের হিফজ বিভাগের উপপ্রধান মাওলানা হাফেজ সাইফুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা সুলাইমান ঢাকুবী, সহঅর্থ সম্পাদক মাওলানা মুহাম্মদ নূরী, সহদপ্তর সম্পাদক মাওলানা আবদুল্লাহ আল মামুন এবং যাত্রাবাড়ী জামিয়ার সাবেক মুদাররিস হাফেজ মাওলানা আসাদুল্লাহ উসমানীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা বাছাই কার্যক্রমে অংশগ্রহণকারী সব হাফেজকে কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়েছেন। নির্বাচিত প্রতিনিধিদের জন্য দোয়া ও শুভকামনা জানিয়ে আয়োজকরা আশা প্রকাশ করেন যে, তাঁরা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য সম্মান ও সাফল্য বয়ে আনবেন এবং পবিত্র কোরআনের খেদমতে নিজেদের নিয়োজিত রাখবেন।





























