বিএনপির নতুন চার স্থায়ী কমিটির সদস্যের সমাধিতে শ্রদ্ধা নিবেদন
- আপডেট সময় : ০২:৫২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির নবনিযুক্ত চার সদস্য দলের প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর জিয়া উদ্যানে তারা এই শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় প্রয়াত নেতাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
গত ১৫ আগস্ট বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে নতুন এই চারজনকে নিয়োগ দেওয়া হয়েছিল। নবনিযুক্ত সদস্যরা হলেন— অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, আমান উল্লাহ আমান, অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এবং মো. ইসমাইল জবিউল্লাহ। শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব ও মীর সরাফত আলী সফুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে নবনিযুক্ত নেতারা সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলীয় কর্মসূচি ও নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দল ও দেশ গঠনে তারা কাজ করে যাবেন। রুহুল কবির রিজভী বলেন, বিএনপির দর্শনকে সামনে রেখেই বর্তমান সরকার দেশ গড়বে। আমান উল্লাহ আমান দাবি করেন, তারেক রহমান ও জনগণের প্রচেষ্টায় দেশে ভোটাধিকার ফিরে এসেছে এবং দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। তিনি বিএনপিকে জনসেবা ও জনগণের পাশে থাকার সরকার হিসেবে অভিহিত করেন।
অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, জিয়াউর রহমানের রেখে যাওয়া কাজের ধারা অনুসরণ করে তার সুযোগ্য পুত্র ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ আরও দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। এছাড়া মো. ইসমাইল জবিউল্লাহ বলেন, বিএনপি রাজনৈতিক ঐতিহ্যের ধারক এবং এই দায়িত্ব তারা সফলভাবে পালন করবেন।





























