নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বিদায়ী বার্তা দিলেন ছাত্রদল সভাপতি রাকিব
- আপডেট সময় : ০৩:৩২:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ ৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটিকে সাদরে গ্রহণ করার আহ্বান জানিয়ে সংগঠনটির বিদায়ী কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব একটি বিদায়ী বার্তা দিয়েছেন। গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে বিএনপির চেয়ারম্যান কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ছাত্রদলের শীর্ষ পাঁচ নেতার একটি সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এই সাক্ষাতের পর রাকিবুল ইসলাম রাকিব নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এই বিদায়ী বার্তা প্রকাশ করেন।
ফেসবুক পোস্টে রাকিবুল ইসলাম রাকিব মহান আল্লাহর প্রতি গভীর শুকরিয়া প্রকাশ করে লেখেন, অত্যন্ত সম্মান ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তার জীবনের অন্যতম শ্রেষ্ঠ অধ্যায়ের সমাপ্তি ঘটতে চলেছে। দীর্ঘ সময় ধরে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার জন্য তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি চিরকৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি বিএনপির সদ্য বিদায়ী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলসহ বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ এবং ছাত্রদলের সাবেক শীর্ষ নেতাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানান।
বিদায়ী সভাপতি তার পোস্টে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), বেসরকারি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ দেশের সব বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দের আন্তরিক সহযোগিতার কথা স্মরণ করেন। তাদের অক্লান্ত প্রচেষ্টায় কেন্দ্রীয় সংসদ সফলভাবে পরিচালিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন। বিশেষ করে ঢাকার ৫টি কলেজ এবং ৪টি মহানগরের নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, তাদের শ্রম ও ঘামে রাজপথের প্রতিটি কর্মসূচি সফল হয়েছে এবং নানা ষড়যন্ত্র অত্যন্ত দক্ষতার সাথে মোকাবিলা করা সম্ভব হয়েছে। তিনি গর্ব প্রকাশ করে বলেন, আর্থিক টানাপড়েনের মধ্যেও তার দলের নেতৃবৃন্দ অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন এবং তাদের নামে কোনো অনাকাঙ্ক্ষিত খবরের শিরোনাম হয়নি।
ক্যাম্পাসগুলোতে ইতিবাচক ছাত্ররাজনীতি বিকাশের চেষ্টার কথা উল্লেখ করে রাকিব বলেন, ছাত্রদলের কোনো নেতাকর্মীর কারণে যেন সাধারণ শিক্ষার্থীরা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখীন না হন, সে বিষয়ে তিনি বিশেষভাবে মনোযোগী ছিলেন। দলের বাইরেও সাধারণ শিক্ষার্থীরা যেকোনো সমস্যায় তার শরণাপন্ন হলে তিনি সাধ্যমতো তা সমাধানের চেষ্টা করেছেন। এছাড়া ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশ নেওয়া অন্যান্য ভ্রাতৃপ্রতিম ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের প্রতিও তিনি ধন্যবাদ জানান।
তিনি উল্লেখ করেন, রাকিব-নাসির কমিটির মূল সফলতা ছিল জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে সমন্বয় করে কর্মসূচি প্রণয়ন এবং রাজপথে বীরোচিত ভূমিকা পালন করা। ৫ আগস্ট, ২০২৪ পরবর্তী পরিস্থিতিতে সব শিক্ষাপ্রতিষ্ঠানে শত শত মব মোকাবিলা করতে হয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অনবরত চলা বুলিং উপেক্ষা করে তাদের নেতৃত্ব দিতে হয়েছে।
ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে রাকিব বলেন, তিনি এখন একটি নতুন জীবন শুরু করতে চান এবং নিজেকে আরও বেশি পরিশুদ্ধ, মানবিক ও সৎ মানুষ হিসেবে গড়ে তুলতে চান। দীর্ঘ দায়িত্ব পালনকালে কোনো ভুলত্রুটি হয়ে থাকলে এবং কারও মনে কষ্ট দিয়ে থাকলে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান তিনি। পরিশেষে, ছাত্রদলের আসন্ন নতুন কমিটিকে সবাই যেন সাদরে গ্রহণ করেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে তিনি তার বার্তা শেষ করেন।
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ০১: ২১আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ০১: ৪৭




























