ফরহাদ মজহারের বক্তব্যের প্রতিবাদে জামায়াতে ইসলামীর বিবৃতি
- আপডেট সময় : ০২:২০:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬ ২৮ বার পড়া হয়েছে

কবি, কলামিস্ট ও চিন্তক ফরহাদ মজহারের সাম্প্রতিক একটি মন্তব্য নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, 'যত দিন জামায়াতে ইসলামী থাকবে, তত দিন আওয়ামী লীগ থাকবে'—ফরহাদ মজহারের এমন মন্তব্য অগ্রহণযোগ্য, বিভ্রান্তিকর, অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকার জন্য তাঁর প্রতি আহ্বান জানানো হয়েছে।
সোমবার জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার-মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এই প্রতিবাদ জানান। বিবৃতিতে তিনি বলেন, দেশের প্রথিতযশা কলামিস্ট ও রাষ্ট্রচিন্তক হিসেবে ফরহাদ মজহারের কাছ থেকে গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করে জামায়াত। তিনি তাঁর মন্তব্যের নিন্দা জানিয়ে ভবিষ্যতে এ ধরনের বক্তব্য প্রদান থেকে বিরত থাকতে অনুরোধ করেন।
বিবৃতিতে এহসানুল মাহবুব জুবায়ের আরও উল্লেখ করেন, গত সাড়ে ১৬ বছর ধরে আওয়ামী লীগ জামায়াতে ইসলামীসহ বিরোধী রাজনৈতিক দল ও সাধারণ মানুষের ওপর জুলুম, নির্যাতন, গুম, খুন ও হত্যাযজ্ঞ চালিয়েছে। এই বৈরী রাজনৈতিক পরিবেশেও জামায়াতে ইসলামী জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে গেছে। এই আন্দোলনের কারণে দলটির শীর্ষ নেতাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে এবং হাজার হাজার নেতা-কর্মী আহত, পঙ্গুত্ববরণ ও কারাবরণের শিকার হয়েছেন।
জামায়াত নেতা আরও বলেন, চব্বিশের জুলাই অভ্যুত্থানে জামায়াত রাজনৈতিক শক্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে ফ্যাসিবাদের পতনকে ত্বরান্বিত করেছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জামায়াতের মতো জুলাই অভ্যুত্থানের শক্তিকে যদি কেউ আওয়ামী লীগের সঙ্গে মেলানোর চেষ্টা করে, তবে জনগণ তাদের ফ্যাসিস্টদের দোসর কিংবা পুনর্বাসনকারী হিসেবেই শনাক্ত করবে।





























