চাঁদপুরে ১ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, পলাতক কারবারি
- আপডেট সময় : ০৬:২৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ১ বার পড়া হয়েছে

চাঁদপুর সদর উপজেলার নরুল্লাহপুর এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ দল অভিযান চালিয়ে ২২ হাজার ১২০ পিস ইয়াবা উদ্ধার করেছে। উদ্ধারকৃত এই মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা। অভিযানের সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর একটি মোটরসাইকেলও জব্দ করেছে।
মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে নরুল্লাহপুর এলাকার আবুল হাশেমের ভাড়া বাসায় এই অভিযান পরিচালনা করা হয়। মাদক কারবারি ফারহান রানা ওই বাসায় বসবাস করতেন। অভিযানের সময় তার ব্যবহৃত কক্ষের খাট এবং একটি মোটরসাইকেলের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
অভিযানের বিষয়টি টের পেয়ে মাদক কারবারি ফারহান রানা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাকে এখন পর্যন্ত আটক করা সম্ভব হয়নি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান জানিয়েছেন, পলাতক ফারহান রানা ও তার সহযোগীদের গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।



























