নির্ধারিত দামে এলপিজি না মিললে কঠোর ব্যবস্থা নেবে সরকার
- আপডেট সময় : ০৪:৪৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ১ বার পড়া হয়েছে

নির্ধারিত মূল্যে এলপিজি পাওয়া না গেলে এ বিষয়ে সরকার প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (৬ অক্টোবর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা জানান, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামে অস্থিরতা থাকলেও সরকার এলপিজির দাম সমন্বয়ের নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে দেশের বিভিন্ন স্থান থেকে অভিযোগ পাওয়া যাচ্ছে যে, সরকার নির্ধারিত মূল্যে এলপিজি সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। এই সংকট নিরসনে খোলা বাজারে সরবরাহ স্বাভাবিক রাখা এবং কমিশন নির্ধারিত মূল্যে এলপিজি ও অটোগ্যাস বিক্রি নিশ্চিত করতে সব জেলা প্রশাসককে (ডিসি) বিশেষ নির্দেশনা পাঠানো হয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী জেলা প্রশাসকদের নিয়ে অনলাইন সভার মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা দিয়েছেন। এর অংশ হিসেবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের মোবাইল কোর্টের তদারকি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। পূর্বে অনেক অসাধু ব্যবসায়ীকে জরিমানা করা হলেও এখন এই প্রক্রিয়াটি আরও কঠোর করা হয়েছে বলে জানান উপদেষ্টা।
বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের সঙ্গেও নিয়মিত আলোচনা চলছে উল্লেখ করে ডা. জাহেদ উর রহমান বলেন, জ্বালানিমন্ত্রী সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতাদের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন। ব্যবসায়ীরা বাজার স্থিতিশীল রাখতে সরকারকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। সরকারের লক্ষ্য হলো, যারা এলপিজি আমদানি ও বোতলজাতকরণের সঙ্গে জড়িত, তারা যেন ন্যায্যমূল্য পান, যাতে সরবরাহে কোনো ঘাটতি না হয় এবং দাম স্থিতিশীল থাকে। যারা সরকারি আইন অমান্য করবে, তাদের বিরুদ্ধে সমন্বিত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, কেবল ভোক্তা অধিকারের অভিযানের ওপর নির্ভর না করে সমন্বিত উদ্যোগের মাধ্যমে পরিস্থিতির উন্নতি ঘটানোর চেষ্টা চলছে, যা খাদ্যসহ অন্যান্য পণ্যের ক্ষেত্রেও একইভাবে কার্যকর করা হচ্ছে।



























