আল-আকসা প্রাঙ্গণে ইসরাইলিদের অনুপ্রবেশ, সুড়ঙ্গ পরিদর্শন নেতানিয়াহুর
- আপডেট সময় : ০৪:১৭:৫১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

ইহুদি ধর্মীয় প্রায়শ্চিত্ত দিবস বা ইয়োম কিপুর শুরুর প্রাক্কালে পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে উসকানিমূলক পদক্ষেপ নিয়েছে ইসরাইল। আগ্রাসী বাহিনীর কড়া পাহারায় প্রায় ৫৭০ জন ইসরাইলি জোরপূর্বক এই পবিত্র প্রাঙ্গণে প্রবেশ করে। এর ঠিক একদিন আগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, তার মন্ত্রিসভার একাধিক সদস্য এবং হাজার হাজার ইসরাইলি পূর্ব জেরুজালেমের পশ্চিম প্রাচীর বা আল-বুরাক প্রাঙ্গণে প্রবেশ করেন। এ সময় নেতানিয়াহু পবিত্র আল-আকসা মসজিদের নিচের সুড়ঙ্গ ও খনন এলাকা পরিদর্শন করেন।
আল-আকসা প্রাঙ্গণে এই অবৈধ অনুপ্রবেশ এবং নেতানিয়াহুর কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এক বিবৃতিতে সংগঠনটি জানায়, আল-আকসা মসজিদ ও আল-বুরাক দেয়ালের নিচের সুড়ঙ্গে প্রধানমন্ত্রীর এই অনুপ্রবেশ এবং তার উসকানিমূলক বক্তব্য পবিত্র এই স্থানের ঐতিহাসিক পরিচয় ও মর্যাদার ওপর সরাসরি আঘাত।
হামাস জোর দিয়ে বলেছে, আল-আকসা মসজিদের চত্বর, নামাজের স্থান, দেয়াল ও ফটকসহ এর সমগ্র এলাকাটি একান্তই মুসলমানদের ইবাদতখানা। ইসরাইলি দখলদার বাহিনীর কোনো ধরনের খননকাজ, অবৈধ অনুপ্রবেশ বা ধর্মীয় আচার পালনের অপচেষ্টা কখনই এই পবিত্র ভূমির নিজস্ব পরিচয় মুছে ফেলতে বা তাদের তৈরি ধর্মীয় বয়ান চাপিয়ে দিতে সক্ষম হবে না বলে সংগঠনটি উল্লেখ করেছে।



























