শাহজালাল বিমানবন্দরে ২৮ লাখ টাকার সিরিঞ্জসহ নারী যাত্রী আটক
- আপডেট সময় : ০৫:৫৭:২৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনসার সদস্যদের দায়িত্বশীলতা ও সতর্কতায় ২৮ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ১ হাজার ৩০০ পিস ইনসুলিন সিরিঞ্জ জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত এক নারী যাত্রীকে আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বিমানবন্দরের ৫ নম্বর হেভি লাগেজ গেটে এই ঘটনা ঘটে।
বিমানবন্দর সূত্রে জানা যায়, চীনগামী ওই নারী যাত্রীর গতিবিধি সন্দেহজনক মনে হলে দায়িত্বরত ইনচার্জ পিসি মো. দুলন মিয়া ও এপিসি গোলাম রাব্বানী বিষয়টি পর্যবেক্ষণ করেন। পরবর্তীতে তাদের নির্দেশনায় মহিলা আনসার সদস্য মোছা. শাহেদা ও শ্রী আলো যাত্রীটির দেহ তল্লাশি করেন। তল্লাশির সময় ওই নারী যাত্রী আনসার সদস্যদের উৎকোচ দেওয়ার চেষ্টা করলে তারা তা প্রত্যাখ্যান করেন।
এভসেক কর্তৃপক্ষ, শিফট টিআই জায়েদ হোসেন এবং শিফট ইনচার্জ পিসি মো. নিজাম উদ্দিনের উপস্থিতিতে ওই যাত্রীর দেহ তল্লাশি করে ১ হাজার ৩০০ পিস ইনসুলিন সিরিঞ্জ উদ্ধার করা হয়। প্রতিটি সিরিঞ্জের আনুমানিক বাজারমূল্য ২ হাজার ২০০ টাকা হিসেবে উদ্ধারকৃত পণ্যের মোট মূল্য প্রায় ২৮ লাখ ৬০ হাজার টাকা। এভসেক কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী মালামালসহ ওই যাত্রীকে কাস্টমসের নিকট হস্তান্তর করা হয়েছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় যাত্রী নিরাপত্তা, চোরাচালান প্রতিরোধ ও শৃঙ্খলা রক্ষায় আনসার সদস্যরা পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছেন। উৎকোচের প্রস্তাব প্রত্যাখ্যান করে বিপুল পরিমাণ মালামাল আটকের এই ঘটনা তাদের দায়িত্বনিষ্ঠার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।


























