প্রতারণার মামলায় হাইকোর্টে জামিন পেলেন বিদিশা সিদ্দিক
- আপডেট সময় : ১২:১৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

প্রতারণার মামলায় দণ্ডিত প্রয়াত প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। রোববার বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. রাফিজুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এই আদেশ দেন। আইনজীবীদের মতে, এই জামিন আদেশের ফলে বিদিশা সিদ্দিকীর কারামুক্তিতে আর কোনো আইনি বাধা অবশিষ্ট রইল না।
এর আগে, ২০০৮ সালে দায়ের করা একটি প্রতারণার মামলায় গত ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামশেদ আলমের আদালত বিদিশাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
ওই মামলায় দণ্ডিত হওয়ার পর গত ২৫ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশান এলাকা থেকে পুলিশ বিদিশাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। পরবর্তীতে তিনি হাইকোর্টে জামিনের আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই রোববার আদালত তাকে জামিন প্রদানের নির্দেশ দেন।


























