জগন্নাথ বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে আধুনিক ল্যাব উদ্বোধন
- আপডেট সময় : ০৭:৪৬:১৩ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

শিক্ষার্থীদের উন্নত ও সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মেডিকেল সেন্টারে একটি আধুনিক ল্যাব উদ্বোধন করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দিন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) নেতৃবৃন্দ যৌথভাবে এই ল্যাবটির উদ্বোধন করেন।
নতুন এই ল্যাবে প্রায় ১৩ ধরনের আধুনিক যন্ত্রপাতি যুক্ত করা হয়েছে। এর ফলে শিক্ষার্থীরা এখন থেকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারেই বিভিন্ন প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সুযোগ পাবেন।
উদ্বোধন অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দিন বলেন, “একটি ২১ বছরের বিশ্ববিদ্যালয় দুইজন ডাক্তার দিয়ে চলে-এটা তো হতে পারে না।” জকসুর দেওয়া এই যন্ত্রপাতিগুলো কীভাবে পরিচালনা করা হবে, সে বিষয়ে দ্রুত একটি নীতিমালা তৈরির কথা জানান তিনি। এছাড়া ভবিষ্যতে মেডিকেল সেন্টারে চক্ষু ও ডেন্টাল সেকশন চালুর পরিকল্পনার কথাও ব্যক্ত করেন উপাচার্য।
জকসুর ভিপি মোহাম্মদ রিয়াজুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে মেডিকেল সেন্টারটি অবহেলিত অবস্থায় ছিল। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বর্তমানে দুইজন চিকিৎসক ও তিনজন নার্স নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। একই সঙ্গে চক্ষু ও দাঁতের চিকিৎসা সেবাও দ্রুত চালু করার আশা প্রকাশ করেন তিনি।
জকসুর জিএস আব্দুল আলিম আরিফ ল্যাবের যন্ত্রপাতির বিষয়ে বলেন, নতুন ল্যাবে ১৩ ধরনের ইকুইপমেন্ট রয়েছে, যা পরীক্ষা-নিরীক্ষার সুযোগ বাড়াবে। তিনি আশা করেন, নতুন ল্যাব ও জনবল যুক্ত হওয়ার ফলে মেডিকেল সেন্টারের দীর্ঘদিনের সংকট অনেকটাই নিরসন হবে।




























