সব মামলায় জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক
- আপডেট সময় : ১০:৫৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

রাজধানীর বনানী থানার হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে ছয় মাসের অন্তবর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ প্রদান করেন। একইসঙ্গে, এই মামলায় তাকে কেন নিয়মিত জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত। আইনজীবীদের দাবি, এই জামিনের মধ্য দিয়ে তার বিরুদ্ধে থাকা সব মামলার আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, ফলে তার কারামুক্তিতে আর কোনো বাধা নেই।
আদালতে সাবেক প্রধান বিচারপতির পক্ষে শুনানিতে অংশ নেন সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী, আইনজীবী মোতাহার হোসেন সাজু এবং আইনজীবী মোনায়েম নবী শাহীন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সায়লা শাজনীন শান্তা।
উল্লেখ্য, এ বি এম খায়রুল হক ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২০১১ সালের ১৭ মে অবসরে যান। তার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ ২০১১ সালের ১০ মে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে রায় দিয়েছিল, যার ফলে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত হয়। অবসরের পর ২০১৩ সালের ২৩ জুলাই তৎকালীন সরকার তাকে আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় এবং পরবর্তীতে কয়েক দফায় পুনর্নিয়োগ প্রদান করে। ২০২৪ সালে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৩ আগস্ট তিনি আইন কমিশনের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন।
গত বছরের ২৪ জুলাই সকালে ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ওইদিন রাতেই যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। সব মিলিয়ে তাকে মোট নয়টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল। আজকের আদেশের মাধ্যমে সবকটি মামলায় জামিন পেলেন তিনি।



























