দীর্ঘদিন পর উৎসবমুখর পরিবেশে সিরাজগঞ্জ ট্রাক শ্রমিক ইউনিয়নের ভোট সম্পন্ন

- আপডেট সময় : ০১:৩১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ৪ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ জেলা ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা শ্রমিকদের অংশগ্রহণে এ ভোটগ্রহণ শুরু হয়। দীর্ঘদিন পর এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ভোটকেন্দ্রে ২৫টি বুথের ব্যবস্থা করা হয়, যেখানে ৩ হাজারেরও বেশি শ্রমিক তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পান। সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেছে শ্রমিকদের। সাধারণ ভোটাররা জানান, শ্রমিকদের অধিকার রক্ষা, কল্যাণ ও ন্যায্য দাবি আদায়ে যিনি সর্বদা পাশে থাকবেন, তাকেই তারা মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করছেন।
ইউনিয়নের আহ্বায়ক ও পৌর কাউন্সিলর তাজ উদ্দিন জানান, জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন কারণে দীর্ঘদিন ধরে এই নির্বাচন আয়োজন করা সম্ভব হয়নি। তবে দায়িত্ব নেওয়ার পর থেকেই তারা নির্বাচনের উদ্যোগ নেন। একটি নির্বাচিত প্রতিনিধি দলের কাছে দায়িত্ব হস্তান্তর করাই তাদের মূল লক্ষ্য ছিল।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এই ইউনিয়নের মোট ১৫টি পদের মধ্যে সভাপতি পদে মনিরুজ্জামান মনি এবং সাধারণ সম্পাদক পদে আব্দুল ওয়াহাব বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ১৩টি পদের বিপরীতে ৩৫ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
নির্বাচন কমিশনের চেয়ারম্যান পিপি অ্যাডভোকেট রফিক সরকার জানান, অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনায় দায়িত্ব পালন করেছেন। ভোটগ্রহণ শেষে গণনা শুরু হয়েছে এবং রাতেই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে বলে তিনি উল্লেখ করেন।



























