শরিফ ওসমান হাদি হত্যা মামলা: প্রধান আসামির স্ত্রী সাহেদা পারভীনের জামিন নামঞ্জুর

- আপডেট সময় : ০৭:০২:২৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬ ৪ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলায় প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের স্ত্রী সাহেদা পারভীনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন হাইকোর্ট। রোববার বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। সহকারী অ্যাটর্নি জেনারেল হোসনে মোবারক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, গত ১২ই ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে নির্বাচনী প্রচারণার সময় দুর্বৃত্তদের গুলিতে শরিফ ওসমান বিন হাদি গুরুতর আহত হন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের ১৪ই ডিসেম্বর রাতে প্রথমে হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। সেই এজাহারে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়। এছাড়া এজাহারে অপরাধের পরিকল্পনাকারী, অর্থের জোগানদাতা এবং পৃষ্ঠপোষকদের বিরুদ্ধেও সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছিল।
ঘটনার দিনই র্যাব ফয়সাল করিম মাসুদের স্ত্রী সাহেদা পারভীন, তার শ্যালক ওয়াহিদ আহমেদ এবং বান্ধবী মারিয়া আক্তারকে গ্রেপ্তার করে। শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়। তদন্ত চলাকালে গ্রেপ্তারকৃত সাহেদা পারভীন, ওয়াহিদ আহমেদ ও মারিয়া আক্তার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এরই ধারাবাহিকতায় হাইকোর্টে সাহেদা পারভীনের করা জামিন আবেদনের শুনানি শেষে আদালত তা নামঞ্জুর করেন।




























