এলপিজির দাম সমন্বয়ে সরকার বাধ্য হয়েছে: উপদেষ্টা জাহেদ উর রহমান
- আপডেট সময় : ১২:৪৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে

এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) গ্যাসের মূল্য নির্ধারণ ও সমন্বয় করতে সরকার বাধ্য হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। একই সঙ্গে নির্ধারিত মূল্যে এলপিজি বিক্রি নিশ্চিত করতে মাঠপর্যায়ে জেলা প্রশাসকদের (ডিসি) নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
মঙ্গলবার (৬ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে সরকারের বিভিন্ন চলমান কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত নিয়মিত ব্রিফিংয়ে উপদেষ্টা এ তথ্য তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, বাজারে কোনো ধরনের অনিয়ম কিংবা অবৈধ মজুত প্রতিরোধে জরিমানার পরিমাণ ও তৎপরতা আগের চেয়ে অনেক জোরদার করা হয়েছে।
ব্রিফিংয়ে দেশের অন্য গুরুত্বপূর্ণ খাতের অগ্রগতি তুলে ধরে ডা. জাহেদ উর রহমান জানান, গত ২ অক্টোবর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রয়োজনীয় জ্বালানি দেশে এসে পৌঁছেছে।
এছাড়া দেশের বর্তমান মূল্যস্ফীতি ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ মানুষের সুবিধার্থে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বড় পরিবর্তন আনা হয়েছে। উপদেষ্টা জানান, ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কার্যক্রমের আওতায় খাদ্যসহায়তার পরিমাণ দ্বিগুণ করা হয়েছে। এর ফলে এখন থেকে সুবিধাভোগীরা ১০ কেজি চালের পরিবর্তে ২০ কেজি করে চাল পাবেন।


























