সখিপুরে দুই সন্তানকে কুপিয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা, শিশুর মৃত্যু
- আপডেট সময় : ১২:২৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের সখিপুরে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক মা। বুধবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বড়চওনা ইউনিয়নের খালিয়ারবাইদ এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
ঘটনায় সাড়ে তিন বছর বয়সী ছেলে আশরাফুলের মৃত্যু হয়েছে। এছাড়া ৯ বছর বয়সী মেয়ে সিরজাতুন গুরুতর আহত অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। নিহত আশরাফুল ও আহত সিরজাতুন ওই এলাকার শাহীন মিয়ার সন্তান।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শাহীন মিয়ার দ্বিতীয় স্ত্রী আকলিমা আক্তার পারিবারিক বিষয় নিয়ে ক্ষোভের জেরে ঘুমন্ত সন্তানদের কেক কাটার ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করেন। সন্তানদের আহত করার পর তিনি নিজেও ছুরি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।
পরিবারের লোকজন দুই শিশুকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশরাফুলকে মৃত ঘোষণা করেন। সিরজাতুনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার পর পরিবারের সদস্যরা আকলিমা আক্তারকে ঘরের খুঁটির সঙ্গে বেঁধে রাখেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় নিয়ে যায়। সখিপুর থানার এসআই শাহীন জানান, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে অভিযুক্ত মায়ের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।
টাঙ্গাইলের সখিপুরে ধারালো ছুরি দিয়ে দুই শিশু সন্তানকে কুপিয়ে আত্মহত্যার চেষ্টা মায়ের। এ ঘটনায় সাড়ে তিন ৩ বছর বয়সী ছেলে সন্তান আশরাফুলের মৃত্যু হয়েছে। ৯ বছরের মেয়ে সিরজাতুন আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আকলিমা আক্তার নামের ওই মাকে আটক করেছে পুলিশ।





























