সরকারি চাকরিজীবীদের কাজ কিছু চুরি ও কিছু কাজ করা: আব্দুল আউয়াল মিন্টু
- আপডেট সময় : ০৫:২৩:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪: ১৯
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু মন্তব্য করেছেন যে, রাজনীতিবিদদের কাজ হলো শুধু বক্তৃতা দেওয়া এবং সরকারি চাকরিজীবীদের কাজ হলো কিছু চুরি করা ও কিছু কাজ করা। তিনি বলেন, এই দুই প্রক্রিয়া কখনো এক তালে চলে না। তবে বর্তমান প্রযুক্তির সাথে সামঞ্জস্য রেখে তিনি এমন এক সমাজ পরিবর্তন চান, যেখানে ভবিষ্যৎ প্রজন্ম একটি অর্থবহ জীবন কাটাতে সক্ষম হবে।
গত মঙ্গলবার বিকেলে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। দুর্নীতি প্রতিরোধে সরকারি কর্মকর্তাদের ভূমিকা নিয়ে কথা বলতে গিয়ে আব্দুল আউয়াল মিন্টু বলেন, সমাজ ও দেশের আর্থ-সামাজিক উন্নয়ন এবং দুর্নীতি দমন করার দায়িত্ব আমাদের দেওয়া হয়েছে। সমাজে দুর্নীতি হয় তা স্বীকার করে নিয়ে তিনি বলেন, দুর্নীতি কে করে তা তিনি জানেন না। তবে দুর্নীতি করলে তিনি কর্মকর্তাদের মাধ্যমেই করবেন।
বক্তব্যের এক পর্যায়ে উদাহরণ টেনে মন্ত্রী বলেন, "ধরেন আমি যদি কোনো কন্ট্রাক্টরের কাছ থেকে পয়সা নিই, আপনাদের মাধ্যমেই নেব।" তিনি কর্মকর্তাদের অনুরোধ জানিয়ে বলেন, যতক্ষণ পর্যন্ত দুর্নীতি সম্পূর্ণ প্রতিরোধ করা না যাচ্ছে, ততক্ষণ চেষ্টা অব্যাহত রাখতে হবে। দুর্নীতি সবসময়ই থাকবে উল্লেখ করে তিনি বলেন, মূল বিষয় হলো তা কম বা বেশি হওয়া। তবে দুর্নীতি প্রতিরোধ করাকে নিজেদের প্রধান দায়িত্ব হিসেবে অভিহিত করেন তিনি।
লক্ষ্মীপুরের জেলা প্রশাসক এসএম মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম এবং জেলা পুলিশ সুপার মো. আবু তারেক প্রমুখ।



























