পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫, রংপুরে প্রেরিত ৪
- আপডেট সময় : ১০:৫৭:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

পঞ্চগড় জেলা শহরে বিএনপির দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার রাতে শহরের তেঁতুলিয়া বাসস্ট্যান্ড থেকে শুরু হওয়া একটি মিছিলকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত হয়। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর চারজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর পাঠানো হয়েছে এবং বাকি ১১ জন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত ১১টার দিকে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমিরের সমর্থকরা তেঁতুলিয়া বাসস্ট্যান্ড থেকে একটি মিছিল বের করেন। মিছিলটি এমআর কলেজ মোড়ে পৌঁছালে পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদের সমর্থকদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। একপর্যায়ে দুপক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষ বাধে এবং লাঠি হাতে মহাসড়কে অবস্থান নেন নেতাকর্মীরা।
আহত ১৫ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন রোকনুজ্জামান জাপান (৩৫), আব্দুল বাতেন (৪০), শামীম (২৮), জীবন (২২), সাফাত কবির (২১), সাক্ষর (১৮), পাক্কু (২২), ময়নুল (২৮), তপু (১৮), মিলন (১৮), সৌমিক (১৯), ফরহাদ (১৮), করিম আখতার (৪৪), জিসান (১৭) ও নুরনবী চৌধুরী (৩৮)। তারা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত।
এই সংঘর্ষের নেপথ্যে রোববার সকালে জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত একটি মতবিনিময় সভার রেশ রয়েছে বলে জানা গেছে। সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদের উপস্থিতিতে ওই সভায় বোদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদের বক্তব্যকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হট্টগোল হয়েছিল।
পঞ্চগড় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শইমী ইমতিয়াজ জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।





























