সব সমস্যার সমাধান দ্রুত সম্ভব নয়, তবে চেষ্টা থাকবে: খলিলুর রহমান
- আপডেট সময় : ০২:২৩:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

জাতিসংঘের সাধারণ পরিষদের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশের খলিলুর রহমান। মঙ্গলবার নিউইয়র্কের স্থানীয় সময় দুপুরে শপথ গ্রহণের মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে এই বৈশ্বিক সংস্থার ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নিলেন। চার দশক পর বাংলাদেশ থেকে কেউ এই মর্যাদাপূর্ণ আসনে বসলেন। এর আগে ১৯৮৬ সালে বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব ও রাজনীতিবিদ হুমায়ুন রশিদ চৌধুরী জাতিসংঘের সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।
দায়িত্ব গ্রহণের পর জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত এক ব্রিফিংয়ে খলিলুর রহমান বলেন, তিনি বিশ্বের সব সমস্যার দ্রুত ও বন্ধুত্বপূর্ণ সমাধান পাওয়ার মতো সরল চিন্তা করেন না। তিনি স্বীকার করেন যে, কিছু সমস্যার সমাধান সহজে মিলবে না এবং কিছু ক্ষেত্রে দীর্ঘ সময়ের প্রয়োজন হতে পারে। তবে তিনি এ বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, যেখানে সুযোগ আছে, সেখানে সহাবস্থানের মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা তিনি অব্যাহত রাখবেন।
খলিলুর রহমান আরও বলেন, বর্তমান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং সুযোগগুলোকে কাজে লাগাতে জাতিসংঘের সদস্যদেশগুলোর মধ্যে সংলাপ ও সহযোগিতা বৃদ্ধিকে তিনি সর্বোচ্চ গুরুত্ব দেবেন। তিনি বিশ্বাস করেন, সদস্যরাষ্ট্রগুলো যদি সম্মিলিতভাবে কাজ করে, তবে তার দায়িত্ব পালন সহজতর হবে।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের বৈশ্বিক সংস্থার সংস্কার প্রস্তাবগুলো এগিয়ে নেওয়ার ওপরও গুরুত্বারোপ করেছেন তিনি। এছাড়া নাগরিক সমাজ, ব্যবসায়িক গোষ্ঠী ও শিক্ষাবিদদের মতো বিভিন্ন অংশীজনদের জাতিসংঘের কাজের সঙ্গে সম্পৃক্ত করার আগ্রহ প্রকাশ করেন নতুন সভাপতি। এর আগে গত ২ জুন অনুষ্ঠিত নির্বাচনে ৯৯ ভোট পেয়ে সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিসকে পরাজিত করে তিনি সভাপতি নির্বাচিত হয়েছিলেন।
বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে খলিলুর রহমান জানান, এর আগে সরকারপ্রধানের রোহিঙ্গাবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে তিনি তাদের যন্ত্রণা ও বাড়ি ফেরার তীব্র আকাঙ্ক্ষা সরাসরি পর্যবেক্ষণ করেছেন।





























