ফেনীর দাগনভূঞায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক
- আপডেট সময় : ০৫:১১:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

ফেনীর দাগনভূঞা উপজেলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে দলটির দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫: ১০। বুধবার বিকেলে দাগনভূঞা পৌর শহরের আতাতুর্ক স্কুল মার্কেটের সামনে এই সংঘর্ষে দুই সাংবাদিকসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল থেকেই উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন এবং সাবেক জেলা ছাত্রদল নেতা কাজী জামসেদুর রহমান ফটিকের অনুসারীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পৌর শহরের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। বিকেলে আকবর হোসেনের গ্রুপের নেতাকর্মীরা আতাতুর্ক স্কুল মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা শেষ করে বের হওয়ার সময় প্রতিপক্ষ ফটিকের লোকজন ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিয়ে ধাওয়া করে এবং বোতল ছুড়ে মারে। এর জবাবে অপর পক্ষ জুতা ছুড়ে মারলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে দুই পক্ষই একে অপরের ওপর বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপ করে।
সংঘর্ষে সাখাওয়াত হোসেন টিপু ও ফখরুল ইসলাম নামে দুই সংবাদকর্মীসহ আকবর গ্রুপের ৩৫-৪০ জন এবং ফটিক গ্রুপের ১০-১২ জন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। ফটিক গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের আহতদের মধ্যে রাব্বি, নাইমুর রহমান, রিয়াজ, হুমায়ুন আহমদ ও রায়হান রয়েছেন, যার মধ্যে রাব্বি হাসপাতালে চিকিৎসাধীন।
অন্যদিকে, উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন অভিযোগ করেন, সভা শেষে বের হওয়ার সময় বহিষ্কৃত ফটিকের নেতৃত্বে অস্ত্রশস্ত্র নিয়ে তার নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। তিনি জানান, এ ঘটনায় তার স্ত্রী ও উপজেলা বিএনপির সহসভাপতি শাহিন আকবর, পৌর যুবদলের সদস্যসচিব ইকবাল সুজন, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মানিক, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নিজাম হায়দার ও উপজেলা শ্রমিক দলের সাবেক আহ্বায়ক এম সাইফুল ইসলাম দুলালসহ তার পক্ষের ৩৫-৪০ জন আহত হয়েছেন।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ফয়জুল আজিম নোমান জানিয়েছেন, সংঘর্ষের আশঙ্কায় সকাল থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। এরপরও দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে তিনি জানিয়েছেন।




























