কুমিল্লায় বিস্ফোরক মামলায় জেএমবির তিন সদস্যের দীর্ঘমেয়াদী কারাদণ্ড
- আপডেট সময় : ০৯:০৯:২৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ ২ বার পড়া হয়েছে

কুমিল্লায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা একটি আলোচিত মামলার প্রায় দুই দশক পর রায় ঘোষণা করেছেন আদালত। বুধবার (১৯ আগস্ট) কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ (স্পেশাল ট্রাইব্যুনাল-৬) আদালতের বিচারক খাইরুন নেছা এ রায় দেন। মামলায় জেএমবির দুই সদস্যকে ২০ বছর করে এবং এক নারী সদস্যকে ৮ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন নওগাঁ জেলার মো. মোস্তাফিজুর রহমান ওরফে মিন্টু ওরফে সামাদ ওরফে রাজীব এবং গাজীপুরের শ্রীপুর থানার চকপাড়া এলাকার মোহাম্মদ দুরুল হুদা ওরফে হাসান। এছাড়া অপর দণ্ডপ্রাপ্ত খালেদা আক্তার রানী, যিনি দুরুল হুদার স্ত্রী, তাকে ৮ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, ২০০৬ সালের ১৩ মার্চ কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় বিস্ফোরক দ্রব্য আইনের ৪/৬ ধারায় মামলাটি দায়ের করা হয়েছিল (জিআর ১০৬/০৬, এসটি ১৩৭/০৬)। মামলার নথিতে উল্লেখ রয়েছে, ২০০৬ সালের মার্চ মাসে র্যাব-৭ এর একটি দল তৎকালীন র্যাব হেফাজতে থাকা শায়খ আবদুর রহমানকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে কুমিল্লার কোতোয়ালি থানাধীন বিষ্ণুপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে একটি বাড়ি থেকে বিভিন্ন ধরনের বিস্ফোরক দ্রব্য, রাসায়নিক পদার্থ, বৈদ্যুতিক সরঞ্জাম এবং বোমা তৈরির উপকরণ উদ্ধার করা হয়।
বিচারিক প্রক্রিয়ায় আদালত বাদী ও আসামিপক্ষের আইনজীবীদের উপস্থিতিতে মোট ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। সাক্ষীদের জবানবন্দি, আসামিদের বক্তব্য, জব্দ তালিকা এবং মামলার যাবতীয় নথি পর্যালোচনার পর আদালত এই রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্তদের পুলিশ পাহারায় প্রিজন ভ্যানে করে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। আদালতের তথ্য অনুযায়ী, বুধবার দুপুর ১টা ২০ মিনিটে আসামিদের আদালতে হাজির করা হয় এবং রায় ঘোষণার পর ১টা ৫৬ মিনিটে তাদের কারাগারের উদ্দেশ্যে নেওয়া হয়। তারা দুপুর ২টা ৪ মিনিটে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পৌঁছান।

























