সেপ্টেম্বরে নয়, জানুয়ারিতে হতে পারে ভারত-বাংলাদেশ সিরিজ
- আপডেট সময় : ০১:২৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসার কথা থাকলেও ভারতের সেই সফর নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এএনআইয়ের তথ্য অনুযায়ী, সবকিছু ঠিক থাকলে আগামী বছরের জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারতীয় ক্রিকেট দল।
ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের একটি সূত্রের বরাতে এএনআই জানিয়েছে, সেপ্টেম্বরে নির্ধারিত সিরিজের সূচি নিয়ে অনিশ্চয়তা দেখা দেওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগামী বছরের শুরুর দিকে সিরিজ আয়োজনের জন্য উপযুক্ত সময় খুঁজছে। বিসিসিআইয়ের ওই সূত্র আরও জানিয়েছে, ভারত-বাংলাদেশ সিরিজটি জানুয়ারিতে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এ বিষয়ে ভারতের সরকারের সঙ্গে আলোচনা চলছে। একই সঙ্গে বিসিবিও আগামী বছরের শুরুর দিকে একটি সময় নির্ধারণের চেষ্টা করছে।
মূল সূচি অনুযায়ী, ২০২৫ সালের আগস্টে ভারতের বাংলাদেশ সফরে আসার কথা ছিল। পরে সেই সফর পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে নেওয়া হয়। চলতি বছরের জানুয়ারিতে বিসিবি জানিয়েছিল, দুই দল ঢাকা ও চট্টগ্রামে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। তবে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই এখন পর্যন্ত সফরটি নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।
সম্প্রতি সিরিজটি নিয়ে বিসিবি সভাপতি তামিম ইকবাল জানিয়েছিলেন, দুই বোর্ডের মধ্যে আলোচনা চলছে এবং প্রয়োজনে সিরিজের তারিখ পরিবর্তন হতে পারে।
২০২২ সালে সর্বশেষ বাংলাদেশ সফরে এসেছিল ভারতীয় ক্রিকেট দল। এরপর বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের ফলে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশের মাটিতে ভারতের নির্ধারিত সিরিজ পিছিয়ে দেওয়া হয়। এছাড়া চলতি বছরের শুরুতে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়া এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না করা নিয়ে দুই দেশের ক্রিকেট সম্পর্কে কিছুটা জটিলতা সৃষ্টি হয়েছিল। তবে ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর সম্পর্কের বরফ গলতে শুরু করায় সেপ্টেম্বরে সিরিজ আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছিল, যা এখন আবারও অনিশ্চয়তার মুখে পড়েছে। সিরিজটি শেষ পর্যন্ত জানুয়ারিতে আয়োজন করা হবে কি না, তা নির্ভর করছে দুই দেশের বোর্ড ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আলোচনার ওপর।




























