কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবি বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টার আশ্বাস ধর্মমন্ত্রীর
- আপডেট সময় : ০১:২৫:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ ৬ বার পড়া হয়েছে

কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা এবং তাদের সমস্ত প্রকাশনা বাজেয়াপ্ত করার দাবি বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা চালানোর আশ্বাস দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। শনিবার (১৫ আগস্ট) আন্তর্জাতিক তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ আয়োজিত জাতীয় উলামা মাশায়েখ সম্মেলনে পাঠানো এক লিখিত বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি দেন। শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসকদের পরামর্শে সশরীরে উপস্থিত হতে না পারায় ধর্মমন্ত্রীর এই বক্তব্য পাঠ করেন সংগঠনের মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানী।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন, হযরত মুহাম্মদ (সা.)-ই যে সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী এবং তাঁর পর কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবেন না—এটি ইসলামের অন্যতম মৌলিক আকিদা ও প্রতিটি মুমিনের ঈমানের অপরিহার্য ভিত্তি। তিনি এই আকিদা-ই-খতমে নবুওয়তের সাথে পূর্ণ একমত পোষণ করেন এবং আজকের এই সম্মেলনের চেতনাকে সব তাওহীদী মুসলমানের ঈমানি চেতনা বলে উল্লেখ করেন।
ধর্মমন্ত্রী তাঁর বক্তব্যে আরও উল্লেখ করেন, উলামা মাশায়েখদের পক্ষ থেকে সরকারের কাছে যে যৌক্তিক ও ঈমানি দাবিগুলো জানানো হয়েছে, ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বে থেকে এবং ব্যক্তিগত জায়গা থেকে তিনি তা বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করবেন। বর্তমান সরকারকে ইসলামি মূল্যবোধসম্পন্ন ও উলামাদের প্রতি শ্রদ্ধাশীল দাবি করে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আলেমদের প্রতি অত্যন্ত আন্তরিক। তাই সরকার এই দাবিগুলো বিশেষ গুরুত্বের সাথে বিবেচনা করবে বলে তিনি আশাবাদী।
ঢাকার এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের আমির আল্লামা মহিব্বুল্লাহ বাবুনগরী। লিখিত বক্তব্যে ধর্মমন্ত্রী স্বশরীরে উপস্থিত থাকতে না পারার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেন এবং দেশের শীর্ষ আলেমদের এই মোবারক কাফেলায় যুক্ত হতে পেরে আল্লাহর দরবারে শুকরিয়া জানান। একই সাথে তিনি এই পবিত্র মজলিসের কাছে নিজের দ্রুত সুস্থতার জন্য খাস দোয়ার আবেদন করেছেন।



























