রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট ২০ আগস্ট
- আপডেট সময় : ০৩:২০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬ ২ বার পড়া হয়েছে

রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক তফশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ২০ আগস্ট ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। যদি একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় থাকেন, তবে ওইদিন দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার দুপুরে ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এই তফশিল ঘোষণা করেন। এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নির্বাচনি কর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।
তফশিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের তারিখ ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। এরপর ১৬ আগস্ট মনোনয়নপত্র বাছাই করা হবে এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ।
রাষ্ট্রপতি নির্বাচন আইন অনুযায়ী, কোনো প্রার্থীর মনোনয়নপত্রের জন্য একজন সংসদ সদস্যের প্রস্তাবক এবং আরেকজন সংসদ সদস্যের সমর্থক হওয়া বাধ্যতামূলক। এছাড়া প্রার্থীর নিজের সম্মতিসূচক স্বাক্ষরও থাকতে হবে। যদি প্রার্থীর সংখ্যা একজনের বেশি না হয়, তবে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে। আর একাধিক প্রার্থী থাকলে সংসদীয় বিধিমালা অনুযায়ী অধিবেশন কক্ষে ভোট গ্রহণ করা হবে।
উল্লেখ্য, ১৯৯১ সালে সংসদীয় গণতন্ত্র চালুর পর একাধিক প্রার্থী থাকায় রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ করতে হয়েছিল। এরপর থেকে সাধারণত ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে আসছেন। গত ২৪ জুলাই মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন। নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতির পদত্যাগের পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন কমিশনকে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করতে হয়।



























