রিয়াদের আকাশে হামলার সতর্কতা, রাতে শোনা গেল বিকট বিস্ফোরণ
- আপডেট সময় : ১২:৩৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

সৌদি আরবের রাজধানী রিয়াদে আজ শনিবার ভোররাতে (শুক্রবার দিবাগত রাত তিনটা) একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এএফপির সাংবাদিকেরা জানিয়েছেন, সৌদি কর্তৃপক্ষ রাজধানীতে বিমান হামলার সতর্কবার্তা জারির পরপরই এসব বিস্ফোরণ ঘটে। তবে এই ঘটনায় ক্ষয়ক্ষতির কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনার বিবরণ অনুযায়ী, শুক্রবার দিবাগত রাত তিনটার কিছু আগে রিয়াদের বাসিন্দাদের মুঠোফোনে একটি জরুরি সতর্কবার্তা পাঠানো হয়। সেখানে বলা হয়, পুরো এলাকা এখন শত্রুদের বিমান, ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলার হুমকির মুখে রয়েছে। নাগরিকদের নিরাপত্তার স্বার্থে ঘরের ভেতরে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়। এই সতর্কবার্তা জারির কিছুক্ষণ পরই বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। এর প্রায় আধা ঘণ্টা পর হামলার ঝুঁকি কমে যাওয়ায় জরুরি সতর্কবার্তাটি প্রত্যাহার করে নেওয়া হয়।
ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা বর্তমানে সৌদি আরবে প্রায় নিয়মিত হামলা চালিয়ে আসছে। গত জুলাইয়ে ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার পর এই প্রথম সৌদি আরবের রাজধানী সরাসরি কোনো হামলার লক্ষ্যবস্তু হলো।
এদিকে লোহিত সাগরের ইয়েমেন উপকূলের পুরো অংশ নিজেদের দখলে নিতে চলতি মাসে হুতিরা ব্যাপক অভিযান শুরু করেছে। এর ফলে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাব আল-মানদেব প্রণালির নিয়ন্ত্রণ কার্যত তাদের হাতে চলে গেছে। পারস্য উপসাগরের হরমুজ প্রণালি বন্ধ হওয়ার পর সৌদি আরব বাব আল-মানদেব প্রণালি দিয়ে জ্বালানি তেল রপ্তানি সচল রেখেছিল। তবে হুতিদের নৌ অবরোধের কারণে এখন সেই রপ্তানি প্রক্রিয়াও বিপাকে পড়েছে। সামুদ্রিক তথ্যদাতা প্রতিষ্ঠান কেপলারের তথ্যমতে, গত জুলাই থেকে এই জলপথ দিয়ে সৌদি আরবের তেল রপ্তানি ব্যাপকভাবে হ্রাস পেয়েছে, যদিও গত সপ্তাহে তেলবাহী পাঁচটি জাহাজ এই পথ অতিক্রম করেছে।
হুতি বিদ্রোহীরা দাবি করে আসছে, সৌদি আরবের জাহাজ ছাড়া অন্য সব দেশের বাণিজ্যিক নৌযান চলাচলের জন্য এই আন্তর্জাতিক জলসীমা নিরাপদ থাকবে। অন্যদিকে, জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়েছে যে নতুন করে শুরু হওয়া এই সংঘাতের কারণে ইয়েমেনে ১ লাখ ১২ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। জীবন বাঁচাতে প্রায় তিন হাজার মানুষ সমুদ্র পাড়ি দিয়ে পার্শ্ববর্তী দেশ জিবুতিতে আশ্রয় নিয়েছেন।



























