রাধিকাপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২
- আপডেট সময় : ১২:০৫:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের রাধিকাপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার গভীর রাতে সীমান্তের চক সিবানন্দ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মুহাম্মদ আসাদুল্লাহ, যিনি বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার বাসিন্দা। এই ঘটনায় আরও দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিএসএফ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত গভীর রাতে একদল বাংলাদেশি চক সিবানন্দ সীমান্ত এলাকা দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। এ সময় সীমান্তে টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে পাম্প-অ্যাকশন গান থেকে গুলি ছোড়েন। বিএসএফের গুলিতে মুহাম্মদ আসাদুল্লাহ গুরুতর আহত হন। এ সময় তার সাথে থাকা অন্য সহযোগীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিএসএফ জওয়ানরা ধাওয়া করে দুই বাংলাদেশিকে আটক করতে সক্ষম হন।
গুলিবিদ্ধ ও গুরুতর জখম আসাদুল্লাহকে উদ্ধার করে দ্রুত কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানকার কর্তব্যরত চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে কালিয়াগঞ্জ থানা পুলিশ হাসপাতালে উপস্থিত হয় এবং শনিবার সকালে ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ মর্গে পাঠায়।
বাংলাদেশ ও ভারতের উচ্চপর্যায়ের কর্মকর্তারা সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনতে বিভিন্ন সময়ে দ্বিপাক্ষিক বৈঠক ও আলোচনা করেছেন। অনুপ্রবেশ বা পাচার ঠেকাতে সীমান্তে প্রাণঘাতী অস্ত্রের পরিবর্তে রাবার বুলেটের মতো অ-ঘাতক অস্ত্র ব্যবহারের নির্দেশনা থাকলেও অনেক ক্ষেত্রেই তা মানা হচ্ছে না। এরই ধারাবাহিকতায় রাধিকাপুর সীমান্তে বিএসএফের গুলিতে আবারও এক বাংলাদেশির প্রাণহানির ঘটনা ঘটল।



























