মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলারের পথে
- আপডেট সময় : ০৯:১০:০৯ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কায় ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের দ্বারপ্রান্তে পৌঁছেছে। বুধবারের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ১ দশমিক ৫৭ ডলার বা ১ দশমিক ৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৯ দশমিক ৪৯ ডলারে লেনদেন হয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১ দশমিক ৬০ ডলার বা ১ দশমিক ৭২ শতাংশ বৃদ্ধি পেয়ে ৯৪ দশমিক ৬৩ ডলারে দাঁড়িয়েছে।
তেলের এই মূল্যবৃদ্ধির পেছনে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে তৈরি হওয়া উত্তেজনাকে অন্যতম প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনায় ইরানের হামলার পর বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ব্যবস্থা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। পাশাপাশি সৌদি আরবের জ্বালানি অবকাঠামোয় হামলার খবর বাজারে বড় ধরনের অনিশ্চয়তা সৃষ্টি করেছে।
গত কয়েক সপ্তাহ ধরেই তেল উৎপাদন ও পরিবহন ব্যবস্থা ব্যাহত হওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে জ্বালানিটির দাম দ্রুত বাড়ছে। এর ধারাবাহিকতায় গত ৮ সেপ্টেম্বর ব্রেন্টের দাম ৯৯ ডলারের কাছাকাছি পৌঁছেছিল। তবে রয়টার্সের তথ্য অনুযায়ী, হরমুজ প্রণালি দিয়ে এখনো উল্লেখযোগ্য পরিমাণে তেল পরিবহন অব্যাহত রয়েছে এবং বিকল্প রপ্তানি পথ ব্যবহারের সুযোগ থাকায় ব্রেন্টের দাম আপাতত ১০০ ডলারের নিচে অবস্থান করছে। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের সংঘাত যদি আরও দীর্ঘায়িত হয় কিংবা তেল উৎপাদন ও পরিবহন অবকাঠামোয় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়, তবে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।




























