রিয়াদ বিমানবন্দরে হামলার নিন্দা ও ওমরাহ যাত্রীদের নিরাপত্তা চাইলেন মামুনুল হক
- আপডেট সময় : ১১:৫৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ১ বার পড়া হয়েছে

রিয়াদ বিমানবন্দরে হামলার ঘটনায় গভীর শোক প্রকাশ ও তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। সোমবার রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মাসিক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। বৈঠকটি পরিচালনা করেন সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।
বৈঠকে মাওলানা মামুনুল হক বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রধান শত্রু ইসরাইল। ইসরাইলকে শক্তিশালী করে—এমন সব ধরনের কার্যক্রম থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে বিরত থাকা উচিত। তিনি মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় আঞ্চলিক দেশগুলোর দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন। রিয়াদ বিমানবন্দরের হামলায় হতাহতের ঘটনায় শোক প্রকাশ করে তিনি ওমরাহ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, বেসামরিক মানুষের জীবন ও নিরাপত্তা রক্ষায় সংঘাতসংশ্লিষ্ট পক্ষগুলোর দায়িত্বশীল আচরণ করা জরুরি।
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মামুনুল হক। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে হত্যা, ধর্ষণ, ছিনতাই, হামলা ও ভাঙচুরের মতো অপরাধের ঘটনা জননিরাপত্তার জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এসব অপরাধ রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। তিনি প্রতিটি অপরাধের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।
বৈঠকে উপস্থিত ছিলেন নায়েবে আমির মাওলানা মাহবুবুল হক ও মাওলানা কোরবান আলী; যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজি ও মুফতি শরাফত হোসাইন; সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা এনামুল হক মূসা, মাওলানা মোহাম্মদ ফয়সাল, মাওলানা নেয়ামতুল্লাহ, মাওলানা মুহসিনুল হাসান, মাওলানা আবুল হাসানাত জালালী, মাওলানা উজাইর আমীন ও মাওলানা হেদায়াতুল্লাহ হাদি। এছাড়া প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া, অফিস সম্পাদক মাওলানা রুহুল আমীন খান, আইনবিষয়ক সম্পাদক মাওলানা শরীফ হোসাইন, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জসিম উদ্দিন, মাওলানা নুর মুহাম্মাদ আজীজ এবং সহকারী বায়তুলমাল সম্পাদক ক্বারী হোসাইন আহমদ উপস্থিত ছিলেন।
নির্বাহী সদস্যদের মধ্যে ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদুল্লাহ, মুফতি নূর হোসাইন নুরানি, মাওলানা আমজাদ হোসাইন, মাওলানা মুহসিন উদ্দীন বেলালী, মাওলানা মামুনুর রশীদ, মাওলানা আনোয়ার মাহমুদ, মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা হোসাইন আহমদ, মাওলানা মঈনুল ইসলাম খন্দকার, মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা ছানাউল্লাহ আমিনী, মাওলানা রাকিবুল ইসলাম, মাওলানা নুর মোহাম্মাদ আজীজ, মাওলানা শাব্বির আহমাদ উসমানী, মাওলানা মুর্শিদুল আলম সিদ্দীক ও মাওলানা জাহিদুজ্জামানসহ অন্যান্যরা বৈঠকে অংশ নেন।




























