মদনে বর্ণাঢ্য আয়োজনে পালিত জাতীয় কন্যাশিশু দিবস
- আপডেট সময় : ১২:০০:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

নেত্রকোণার মদন উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ সদস্য, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার জোসনা আক্তার।
সভায় বক্তারা এবারের দিবসের প্রতিপাদ্য “শিশুবিবাহ আর নয়, কন্যা করবে বিশ্ব জয়”-এর ওপর ভিত্তি করে কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিক্ষার সুযোগ নিশ্চিতকরণের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। সভায় বক্তব্য রাখেন মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাউদ্দিন করিম, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ইদ্রিস মাস্টার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা সুলতানা, সাংবাদিক রহমান আঙ্গুর ভূঁইয়া, মদন শহীদ স্মরণিকা বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা রুবি আক্তার এবং বিএনপি নেতা এনামুল হকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
বক্তারা কন্যাশিশুকে পরিবার ও দেশের গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে উল্লেখ করে তাদের নিরাপদ বেড়ে ওঠা ও মৌলিক অধিকার নিশ্চিত করার আহ্বান জানান। বাল্যবিবাহ, নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বৈষম্য দূর করতে অভিভাবক ও শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর জোর দেওয়া হয়। এছাড়া কন্যাশিশুর ক্ষমতায়ন নিশ্চিত করা গেলে তারা দেশ ও জাতির উন্নয়নে বড় অবদান রাখতে পারবে বলেও সভায় মত প্রকাশ করা হয়। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।




























