বাংলাদেশি শ্রমিক নিয়োগের দাবি নাকচ করল মালয়েশিয়া সরকার
- আপডেট সময় : ০৭:২১:০৫ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ থেকে আগামী ছয় মাসে দুই লাখ শ্রমিক নেওয়ার যে পরিকল্পনার কথা স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, তা মালয়েশিয়া সরকারের আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত নয় বলে জানিয়েছে দেশটি। মালয়েশিয়ার সরকারি মুখপাত্র দাতুক সেরি ফাহমি ফাদজিল বিষয়টি নিশ্চিত করেছেন বলে দেশটির স্থানীয় সংবাদমাধ্যম এনএসটি এক প্রতিবেদনে উল্লেখ করেছে।
এর আগে গত রোববার ঢাকায় এক বক্তব্যে প্রতিমন্ত্রী মীর শাহে আলম দাবি করেছিলেন যে, সেপ্টেম্বরের শেষ দিক থেকে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় দুই লাখ শ্রমিক পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। তিনি আরও জানিয়েছিলেন, তালিকাভুক্ত কোম্পানির মাধ্যমে এই শ্রমিকদের পাঠানো হবে এবং এর মধ্যে ১০ হাজার শ্রমিক কোনো খরচ ছাড়াই মালয়েশিয়া যেতে পারবেন। তার ভাষ্যমতে, আগামী ছয় মাসের মধ্যে এই পুরো প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা ছিল।
বুধবার মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী দাতুক সেরি আর. রামাননের বরাত দিয়ে মুখপাত্র ফাহমি ফাদজিল বলেন, একজন প্রতিমন্ত্রীর দেওয়া বক্তব্যকে বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক ঘোষণা বা সিদ্ধান্ত হিসেবে দেখার কোনো সুযোগ নেই। এটি বাংলাদেশ সরকারের কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্তের প্রতিফলন নয় বলেও তিনি স্পষ্ট করেছেন।
উল্লেখ্য, ২০২৪ সাল থেকে মালয়েশিয়া বাংলাদেশি শ্রমিক নিয়োগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। মূলত ঋণদাসত্ব, জোরপূর্বক শ্রম এবং প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না দেওয়াসহ শ্রমিক শোষণের বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। এরপর থেকেই দুই দেশের মধ্যে শ্রমবাজার পুনরায় খুলে দেওয়ার বিষয়ে আলোচনা চলছে। এর আগে চলতি বছরের জুনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের কাছে বাংলাদেশি শ্রমিকদের জন্য দেশটির শ্রমবাজার আবারও উন্মুক্ত করার অনুরোধ জানিয়েছিলেন।
বুধবার (২ সেপ্টেম্বর) মালয়েশিয়া সরকারের মুখপাত্র দাতুক সেরি ফাহমি ফাদজিল এ কথা জানিয়েছেন বলে দেশটির স্থানীয় সংবাদমাধ্যম এনএসটি এক প্রতিবেদনে জানিয়েছে।



























