ভারত ও উজবেকিস্তানের মধ্যে দীর্ঘমেয়াদি ইউরেনিয়াম চুক্তি সই
- আপডেট সময় : ০৪:১১:০৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ ১২ বার পড়া হয়েছে

ভারত ও উজবেকিস্তানের মধ্যে দীর্ঘমেয়াদি ইউরেনিয়াম সরবরাহ সংক্রান্ত একটি নতুন চুক্তি সই হয়েছে। তাসখন্দে উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই গুরুত্বপূর্ণ চুক্তির বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
বৈঠকে দুই নেতা বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, ওষুধ, তথ্যপ্রযুক্তি এবং সংস্কৃতির পাশাপাশি পারমাণবিক জ্বালানি ও নগর উন্নয়নে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে একমত হয়েছেন। আলোচনার এক পর্যায়ে প্রধানমন্ত্রী মোদি উজবেকিস্তানের নতুন শহর ‘নিউ তাশখন্দ’ নির্মাণ প্রকল্পে ভারতের গুজরাটের গিফট সিটির অভিজ্ঞতা কাজে লাগানোর প্রস্তাব দেন। এছাড়া তিনটি সিস্টার সিটি ও সিস্টার স্টেট চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে কর্মপরিকল্পনা তৈরির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভ জানান, গত বছর দুই দেশের মোট বাণিজ্য প্রথমবারের মতো এক বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছে। বর্তমানে দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট সংখ্যা বেড়ে সপ্তাহে ১৪টিতে দাঁড়িয়েছে। এছাড়া ভারতীয় নাগরিকদের জন্য ৩০ দিন পর্যন্ত ভিসামুক্ত ভ্রমণের সুবিধা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।



























