যুদ্ধের মধ্যে নির্বাচন ইউক্রেনকে বিভক্ত করবে: জেলেনস্কি
- আপডেট সময় : ০৪:২৬:৪০ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ ২ বার পড়া হয়েছে

রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধের মধ্যে ইউক্রেনে নির্বাচন আয়োজন করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি সতর্ক করে বলেছেন, বর্তমান পরিস্থিতিতে নির্বাচন আয়োজন করা হলে তা দেশকে বিভক্ত করে দিতে পারে। শনিবার সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে জেলেনস্কি বলেন, এ ধরনের যুদ্ধে নির্বাচন নিজেই একটি বড় ঝুঁকি। তিনি আরও বলেন, এখন নির্বাচন ইউক্রেনের জন্য এমন এক সুনামি হবে, যা দেশকে বিভক্ত করে দেবে। যদি আমরা দেশকে ধ্বংস করতে চাই, তাহলে যুদ্ধের মধ্যেই নির্বাচনের দিকে এগোতে পারি।
২০২২ সালে রাশিয়ার আগ্রাসনের পর থেকে ইউক্রেনে সামরিক আইন জারি রয়েছে। এই আইনের আওতায় বর্তমানে নির্বাচন স্থগিত রাখা হয়েছে। যুদ্ধের কারণে নির্বাচন আয়োজনের ক্ষেত্রে বেশ কিছু জটিলতা রয়েছে, যার মধ্যে সেনাসদস্যদের ভোটাধিকার নিশ্চিত করা, বিদেশে আশ্রয় নেওয়া লাখ লাখ ইউক্রেনীয় শরণার্থীর ভোটদান, রুশ-অধিকৃত এলাকার মানুষের অংশগ্রহণ এবং রুশ অপপ্রচারের আশঙ্কাসহ নানা বিষয় অন্তর্ভুক্ত।
সম্প্রতি ইউক্রেনের সাবেক প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভ নির্বাচন আয়োজনের উপায় খুঁজে বের করার আহ্বান জানিয়েছিলেন। তবে এ বিষয়ে তিনি কোনো বিস্তারিত পরিকল্পনা দেননি। জেলেনস্কি তার এই অবস্থানের সমালোচনা করে বলেন, ফেদোরভ ভুল পথে এগোচ্ছেন বা তাকে সেই পথে ঠেলে দেওয়া হচ্ছে। একটি জরিপ অনুযায়ী, মাত্র ১৫ শতাংশ ইউক্রেনীয় যুদ্ধ শেষ হওয়ার আগেই নির্বাচন চান।
এদিকে রাজধানী কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতিতে জেলেনস্কি জোর দিয়ে বলেন, ইউক্রেনীয় সমাজ ও সেনাবাহিনীকে বিভক্ত করা উচিত নয়। তার ভাষায়, আমাদের স্বীকার করতে হবে যে এই ঝুঁকি রয়েছে—বিপজ্জনক পরিস্থিতির দিকে যাওয়ার ঝুঁকি।
উল্লেখ্য, ইউক্রেনের স্বাধীনতা দিবস উপলক্ষে সোমবার আন্তর্জাতিক নেতাদের দেশটিতে উপস্থিত হওয়ার কথা রয়েছে। একই সঙ্গে রুশ হামলা মোকাবিলায় ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার বিষয়ে মিত্রদেশগুলোর মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে।




























