খুলনায় বিদ্যুৎ সাশ্রয় ও সৌরবিদ্যুৎ ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান
- আপডেট সময় : ০৬:৩২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

বিদ্যুতের অপচয় রোধ এবং সাশ্রয়ী ব্যবহারের পাশাপাশি সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে জনসচেতনতা সৃষ্টির ওপর জোর দিয়েছেন খুলনার জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত। শুক্রবার বিকেল সাড়ে ৫টায় খুলনা কেডিএ নিউ মার্কেট প্রাঙ্গণে আয়োজিত এক জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। জেলা প্রশাসন এবং ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো), খুলনা যৌথভাবে এই সভার আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মকাণ্ডের প্রসারের সঙ্গে সঙ্গে বিদ্যুতের চাহিদাও ক্রমাগত বাড়ছে। এই পরিস্থিতিতে অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার বন্ধ করার কোনো বিকল্প নেই। তিনি আরও বলেন, সৌরবিদ্যুতের মতো নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ালে প্রচলিত বিদ্যুতের ওপর চাপ কমানো সম্ভব। বিদ্যুৎ সাশ্রয় শুধুমাত্র সরকারের দায়িত্ব নয়, বরং প্রতিটি নাগরিককে এ বিষয়ে দায়িত্বশীল হতে হবে। বাসাবাড়ি, সরকারি-বেসরকারি স্থাপনা এবং ব্যবসাপ্রতিষ্ঠানে প্রয়োজন অনুযায়ী বিদ্যুৎ ব্যবহার নিশ্চিত করতে হবে এবং অপ্রয়োজনীয় সময়ে বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ রাখার অভ্যাস গড়ে তুলতে হবে।
সভায় বক্তারা দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদার প্রেক্ষিতে অপচয় রোধের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তারা জানান, বাসাবাড়ি থেকে শুরু করে বিভিন্ন স্থাপনায় সৌরবিদ্যুৎ ব্যবহারের ব্যাপক সুযোগ রয়েছে। এর মাধ্যমে দীর্ঘমেয়াদে জ্বালানি ব্যয় কমানোর পাশাপাশি জাতীয় গ্রিডের ওপর চাপ হ্রাস করা সম্ভব। এ জন্য সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি পর্যায়েও সৌরবিদ্যুতের ব্যবহার ও আগ্রহ বাড়ানোর আহ্বান জানানো হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুক এবং কেডিএ নিউ মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুল গাফফার বিশ্বাস। ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) খুলনার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আরিফুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সভায় কেডিএ নিউ মার্কেটের ব্যবসায়ী, দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তা এবং ওজোপাডিকোর সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানে এসি, ফ্যান ও বৈদ্যুতিক বাতি ব্যবহারের ক্ষেত্রে সাশ্রয়ী হওয়ার জন্য ব্যবসায়ীদের বিশেষভাবে অনুরোধ জানানো হয়।


























