শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছে জো বাইডেনের ক্যানসার

- আপডেট সময় : ১১:৪০:১৯ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যানসার শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়েছে এবং তিনি হাড়ের ব্যথায় ভুগছেন বলে জানিয়েছেন তার ছেলে হান্টার বাইডেন। শুক্রবার (৭ আগস্ট) রাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বাবার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে কথা বলার সময় হান্টার আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি জানান, বাবার শারীরিক পরিস্থিতির অবনতি দেখা তার জন্য অত্যন্ত কষ্টের।
হান্টার বাইডেন বলেন, ‘ক্যানসার ছড়িয়ে পড়েছে। হাড়ে এবং আরও অন্যান্য জায়গায় মেটাস্ট্যাসিস হয়েছে। এটি অত্যন্ত যন্ত্রণাদায়ক এবং অনেক দিক থেকেই তাকে বেশ দুর্বল করে ফেলেছে।’
৮৩ বছর বয়সি জো বাইডেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা ব্যক্তি। তার মেয়াদজুড়ে বয়স ও শারীরিক সক্ষমতা নিয়ে ব্যাপক উদ্বেগ ছিল। বিশেষ করে ডনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কে বিপর্যয়ের পর পুনর্নির্বাচনের দৌড় থেকে সরে দাঁড়ানোর ঘটনায় বাইডেন ও তার হোয়াইট হাউসের উপদেষ্টারা শারীরিক ও মানসিক সমস্যার মাত্রা গোপন করেছিলেন বলে সে সময় তীব্র সমালোচনা হয়েছিল।
হোয়াইট হাউস ছাড়ার চার মাসেরও কম সময় পর গত বছরের মে মাসে বাইডেন তার ক্যানসার শনাক্ত হওয়ার কথা প্রকাশ্যে জানান। এই রোগ নির্ণয়ের খবরটি পুরো পরিবারের জন্য অত্যন্ত কঠিন ছিল বলে মন্তব্য করেন হান্টার। তিনি আরও জানান, অসুস্থতার মধ্যেও তার বাবা গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে প্রকাশ্যে কথা বলছেন। হান্টার বলেন, ‘তিনি এখনও সক্রিয় আছেন। তিনি এখনও নিজের মতো করে কাজ করে যাচ্ছেন। তিনি এই দেশটির প্রতি গভীরভাবে বিশ্বাস করেন।’
জানা গেছে, যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনের পর জো বাইডেন ‘প্রমিস মি, আমেরিকা’ নামে একটি স্মৃতিকথা প্রকাশ করতে যাচ্ছেন।



























